করোনা আক্রান্ত মা’কে বাসায় নিল না ছেলে

মেহেরপুরে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়া মমতাময়ী মাকে বাড়িতে ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছে তার সন্তানের বিরুদ্ধে। জেলা শহরের তিন নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া থেকে মঙ্গলবার (২৬ মে) বিকালে অসুস্থ বৃদ্ধ ওই মাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। তিনি এখন আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, মেহেরপুর তাঁতিপাড়ার মৃত গোপীনাথ সাহার স্ত্রী পুষ্প রানী সাহা দীর্ঘদিন যাবত ঢাকায় মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। মঙ্গলবার ঢাকা থেকে একটি ভাড়া করা প্রাইভেট কারে করে নিজ বাড়ি মেহেরপুরে আসলে করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে দেয় তার সন্তান মুদি ব্যবসায়ী মানষ কুমার সাহা। বেশ কিছুক্ষণ বাড়ির সামনে অবস্থান করেও বাড়িতে ঢুকতে পারেননি। পরে পুষ্প রানী সাহা ওই গাড়িতে করেই ঢাকা ফেরার সিদ্ধান্ত নেন। খবর পেয়ে মেহেরপুর ট্রাফিক পুলিশের সদস্যরা মেহেরপুর পুলিশ লাইনের কাছ থেকে গাড়িটি আটক করে পুষ্প রানী সাহাকে হাসপাতালে ভর্তি করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.