লিনু হক —এই ছবিটি বেশ কয়েকমাস আগে আমি ফেসবুকে দেখতে পাই, এবং আলোড়িত বোধ করি। সাড়ে চার দশক আগের ছবি হলেও দৃশ্যটি মনে হয় আজো বেশ চেনা ! এটি ১৯৭১ সালের মার্চ মাসে কবি বেগম সুফিয়া কামালের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত স্বাধীনতাকামী নারী সমাবেশের একাংশের ছবি, যাতে নিউক্লিয়াসপন্থী ছাত্রলীগের সংগ্রামী মেয়েরা মিছিল নিয়ে যোগ দিয়েছিলেন।
তখনকার মাঠে-ময়দানের সামাজিক-রাজনৈতিক সভা-সমাবেশের সামনের দিকটাতে এভাবেই বিশাল জায়গা নিয়ে তাদের বসে থাকতে দেখা যেতো। ছেলেরা বসতেন পেছনে, কিংবা থাকতেন আশেপাশে বেষ্টনি দিয়ে দাঁড়িয়ে।
ছবিটি কবি ফজল শাহাবুদ্দিন সম্পাদিত পাক্ষিক ‘চিত্রিতা’ পত্রিকার ১৯৭১ সালের মার্চ মাসের দ্বিতীয় সংখ্যায় ছাপা হয়েছিল।
লক্ষ্য করুন, ছবিটির একেবারে সামনে মাঝখানে চুল ঝুলিয়ে পাশ ফিরে বসে থাকা মেয়েটির দিকে। মনে কি হচ্ছে না যে, স্কুল ড্রেসে স্কুল পালিয়ে মিছিলে সমাবেশে আসা দুরন্ত কিশোরী। আসলেও তাই ! আরেকটু খেয়াল করুন। মেয়েটির হাতে একটি লাঠি, কাত হয়ে আছে ছবির ভেতরের দিকে। সেই লাঠির অগ্রভাগ মুখ ঢেকে দিয়েছে আরেক তরুণীর।
তাই শুধু নয় ! সামনের দিকে বসে পেছন ফিরে তাকিয়ে থাকা তরুণীর সামনেও একটি লাঠি আড়াআড়িভাবে রাখা। ছবির পেছনের দিকে বাঁয়ের অংশে আরো দুটি লাঠি দৃশ্যমান, যার একটি একজনের হাতে বলে মনে হচ্ছে, অন্যটির শুধু শীর্ষাংশ দেখা যাচ্ছে।
সমাবেশ, — তাও আবার নারীদের, — কেন এত লাঠিময় ! ভাবনার বিষয় বলে মনে হচ্ছে? আসলে এ রকম লাঠি বহন করেই নিউক্লিয়াসপন্থী সশস্ত্র স্বাধীনতাযুদ্ধকামী ছাত্রলীগের লড়াকু ছেলে-মেয়েরা মিছিল করে সমাবেশে আসতেন তখন। তাদের ওপর এ রকম নির্দেশও ছিল সঙ্গত কারণেই।
বিষয়টি এখানে আর বিশদ না করলেও চলবে।
আপাতত সামনের স্কুল পড়ুয়াকে আবার লক্ষ্য করুন। ইনি সে সময়ের সর্ব কনিষ্ঠ (ক্লাস নাইন) নিউক্লিয়াস অ্যাকটিভিস্টদের অন্যতম, সবার সুপরিচিত লিনু (ফেরদৌসী কাজী লিনু) বর্তমানে Linu Haque, যার ফেসবুক কভার থেকে ছবিটি আমি কপি করেছি। স্বাধীনতার ‘অভ্যন্তরীণ’ শত্রূ ঠেকাতে তখন এহেন স্কুলবালিকাদেরও লাঠি হাতে মিছিলে আসতে হতো।
লিনুর হাতের লাঠির কাত হয়ে থাকা আগা যার মুখ আংশিক ঢেকে দিয়েছে তিনি তখনকার বিশিষ্ট ছাত্রলীগ নেত্রী, বর্তমানের বিখ্যাত রাজনৈতিক নেত্রী, শ্রমিক নেত্রী, নারী নেত্রী, সংসদ সদস্য, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ-এর সাধারণ সম্পাদক শিরিন আখতার। এই অতি পরিচিত সংগ্রামী মুখের ব্যাপারে আর বেশি বলা বাহুল্য।
ছবির সামনের অংশে লাঠি নিয়ে বসে পেছন ফিরে যিনি লিনুর দিকে তাকিয়ে আছেন তিনিও সে সময়ের বিশিষ্ট ছাত্রলীগ নেত্রী, পরবর্তীকালে খ্যাতনামা মুক্তিযোদ্ধা ফোরকান বেগম। স্বাধীনতার পরে সরকারী চাকুরীতে নিয়োজিত হন। তার আরো দুটি ছবি এই অ্যালবামেরই অন্যত্র আছে। একটিতে তিনি মুক্তিযুদ্ধ পরবর্তী এক সাক্ষাৎকারে যুদ্ধকালীন অভিজ্ঞতা বর্ণনা করছেন। অপর ছবিটি ঐতিহাসিক ! একাত্তরের ২৩শে মার্চ পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ আয়োজিত স্বাধীন বাংলার পতাকা আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে শামসুন্নাহার ইকোর নেতৃত্বে জয়বাংলা বাহিনীর সশস্ত্র মার্চপাস্টে সর্ব ডানের সারির শীর্ষে থেকে তিনি অংশগ্রহণ করেন।
ছবির অন্যদের নিশ্চিতভাবে সনাক্ত করা যাচ্ছে না বলে তাদের পরিচয় তুলে ধরা গেল না। এই অ্যালবাম যারা দেখবেন তারা এই ছবি এবং এই অ্যালবামের কোনো মুখ যদি চিনতে পারেন, অনুগ্রহ করে ছবির নিচে মন্তব্য আকারে তা সংযোজন করে দিলে কৃতজ্ঞ বোধ করবো !!

লিনু হক , ৭০ দশকের ছাত্রলীগ নেত্রী ।

