সরকার লকডাউন খুলে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজকে ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন সংক্রমণের মাত্রা বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে, গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ছে, তখন সরকার লকডাউন খুলে দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।’

শুক্রবার (৮ মে) গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে টঙ্গী বাজার এলাকায় ত্রাণ বিতরণের সময় তিনি বলেন, ‘সরকারের কাছে অর্থনীতি আগে, বড় বড় ব্যবসায়ীদের স্বার্থ আগে। মানুষের জীবন চলে যাচ্ছে, এটা বড় কথা নয়।’

করোনায় আক্রান্ত মানুষের লাশ রাস্তাঘাটে পড়ে থাকছে, অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ‘টেস্ট করার উপায় নেই। পর্যাপ্ত মেডিক্যাল সহায়তা নেই। এটা সরকার খেয়াল করছে না। এটার কোনো গুরুত্ব দিচ্ছে না সরকার। মানুষের জীবন তাদের কাছে বড় নয়, তাদের কাছে টাকা অনেক বড় কথা। যে খাদ্য ছিল তা দিয়ে ২-৩ মাস গরিব মানুষকে চালাতে পারতাম। বাড়িতে বাড়িতে খাদ্য পৌঁছে দিতে পারতাম। সরকার ওই দিকে যায়নি। সরকারের কথা হচ্ছে, মানুষ মরুক, আমার যায় আসে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছেন, দাবি করে তিনি বলেন, ‘তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, সকল স্তরের নেতাকর্মীরা যেন মানুষের পাশে দাঁড়াই। বিএনপির নেতাকর্মীরা খাবেন, অন্যরা খাবে না, এমন যেন না হয়। আমরা সেটাই চেষ্টা করছি। নিজেদের টাকায় ১৩ লক্ষ পরিবারকে সহায়তা করেছি। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতাকর্মীরা সারা দেশে ত্রাণ বিতরণ করছে।’

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সকার জাবেদ আহমেদ, গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভাট, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.