মে-ডে! শ্রমিকদের লাল সালাম এবং গার্মেন্টস মালিকদের অগ্রিম প্রণোদনা

গার্মেন্টস বন্ধ, গার্মেন্টস খোলা, গার্মেন্টস চলছে এবং গার্মেন্টস চলবে । সবার আগে এই শিল্প প্রতিষ্ঠানকেই সরকার  এগিয়ে রাখে এবং ভালো । কেননা এই শিল্পে দেশের  নারী শ্রমিক বেশি এবং সংখ্যায় প্রায় ৪৩ লাখের মতন । সত্যি বলতে বিরাট অংশ।

সরকার ঠিক এই কারণেই গার্মেন্টস মালিকদের বেশি সমাদর করে , সমাদরটিও সঠিক আছে । যেহেতু এত শ্রমিকের কর্ম সংস্থান, আবার বৈদেশিক মুদ্রার আগমন হয়, সুতরাং সবই ঠিক আছে । যেই সরকারে থাকুক  এমন সমাদরই করবে এবং করুক, সেটা আমরাও চাই, কেননা এই শিল্পটিকে দেশের প্রয়োজনেই সঠিক তত্ত্বাবধায়ন ও সার্পোট দেওয়া সরকারের দায়িত্বের মধ্যেই পরে । সরকার নির্দ্বিধায় বরাবরই করে আসছে এবং ভবিষ্যতেও করবে নিশ্চিত।  যদিও সরকারকে সব শিল্প প্রতিষ্ঠানের জন্যেই সমান তালে কাজ করা প্রয়োজন।  সরকার তা করছে কিনা ? সেটা আলোচনার বড় প্রেক্ষাপট । তবে কেউ অস্বীকার করতে পারবে না যে, সরকার এই প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ চেষ্টা করে না ।

এত বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে সরকারের পূর্ণ সহযোগিতা নিয়ে গড়ে উঠে আজকে একটি বড় শিল্প প্রতিষ্ঠানের রূপ পেয়েছে। এই প্রতিষ্ঠানের মালিকদের চাকচিক্য দেখে, কোনো জরিপ ছাড়াই বলা যায়, এই প্রতিষ্ঠানটি মোটেও খারাপ অবস্থায় নেই । লক্ষ্য করলে দেখা যায়, এই প্রতিষ্ঠানের মালিকগণেরাই আজকে দেশে বেশিরভাগ সাংসদ , মেয়র বা দেশের অন্যান্য জনপ্রতিনিধির চেয়ারগুলো দখল করে আছে ।  দখল বললাম, কেননা এই দেশে যে কোনো পজিশনের জনপ্রতিনিধি হতে হলে, প্রথমেই প্রয়োজন বড় অংকের টাকার, যা সত্যি দুঃখজনক । বড় অংকের টাকার মালিক ছাড়া আজকাল জনপ্রতিনিধি হওয়ার কল্পনা করাও এক প্রকার অন্যায় বটে । সুতারাং বলাই যায়, এই প্রতিষ্ঠানের মালিকগণ ধনীকশ্রেনী তো বটেই , সাথে নিশ্চিত অনেক বেশি টাকার মালিকও বটে ।

এই প্রতিষ্ঠানের মালিকগণ আরো আনেক টাকার মালিক হলে দেশেরই বেশি লাভ । কেননা , উনাদের ব্যবসার কল্যাণে দেশে অনেক বেশি কর্মসংস্থান হবে এবং দেশ এগিয়ে যাবে ।  তবে এই ধনীকশ্রেনী মালিকগণ বর্তমানে দেশের জন্য কেমন জানি একটা অ্যালার্জির মতন । ইনারা একটু বেশিই স্বার্থপর বলে প্রতীয়মান হয় । বারবার তাদের কর্মের কল্যাণেই এমনটি  ভাবা যায়।

লক্ষ্য করলে দেখা যায়, এত বৃহৎ প্রতিষ্ঠান , অথচ এই মালিকেরা দেশের এমন কোনো পার্বণ নাই, যে পার্বণে সরকারের নিকট হাত পাতে না ( ভিন্ন শব্দ ব্যবহার করলে বলাই যায়, ভিক্ষা চায় ) ! প্রতিটি পার্বণেই এই মালিকগণ বিশ্ব বাজার মন্দা , বেতনের দোহাই, ইত্যাদি দিয়ে সরকারের নিকট প্রণোদনা নিবেই নিবে । মাঝে মাঝে মনে হয়, এই মালিকগণ নিজেরাই ইচ্ছা করে শ্রমিকদের বেতনাদি না দিয়ে বা বিলম্ব করে, একটা পরিবেশ তৈরি করে প্লান মাফিক, যেন সরকারকে ৪০ লাখের উপরের শ্রমিকের ( বিশেষ করে নারী শ্রমিক) কর্মসংস্থানের কথা বলে চাপে রাখতে পারে এবং কোনো প্রণোদনা আদায় করে নিতে পারে । লক্ষণীয় যে, প্রতি বছর আমরা যে কোনো পার্বণে একই দৃশ্য  দেখতে পাই ।

এবার তো একেবারেই ভিন্ন চরিত্র দেখিয়ে ছাড়লো সরকারকে । এই করোনা মহামারীতেও কোনো ছাড় ছিলো না । বড় অংকের টাকা মাত্র ২% সুদে ঋণে নিয়েই তবে ক্ষেন্ত হয়েছে, যা সরকার বলছে প্রণোদনা ।  অবশ্যই এটা একটা প্রণোদনা, কেননা বিশ্বের সব দেশেই  প্রণোদনার অনেক ক্যাটাগরি থাকে এবং ২% ঋণের টাকাও এক ক্যাটাগরিতে সরাসরি সরকারী প্রণোদনা । অথচ যেদিন এই টাকার নিশ্চয়তা পেলো, সেদিন পর্যন্তও কারখানায় পুরো দমে কাজ চলেছে ।  বেতনের দোহাই যেটা দেখানো হয়েছিলো, সেটা ছিলো পূর্বের মাসের বেতন। অথচ শ্রমিকরা কাজ শেষ করেছিলো অনেক আগেই । কিন্তু দোহাই ছিলো পূর্বের বেতনের ! কারণ ছিলো , অর্ডার বাতিল হয়েছে ।

তবে বর্তমানে জাতীয় দৈনিক পত্রিকায় খবর এসেছে পূর্বের সকল সাময়িক বাতিল অর্ডারগুলো আবার পূর্ণনির্ধারণ করা হয়েছে এবং সাথে করোনা মহামারীর প্রতিকারের জন্য মেডিকেল ইকুয়িপম্যান্ট, বিশেষ করে স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় অনেক নতুন অর্ডার এসেছে । যা সত্যি একটি ভালো খবর ।  সেই কারণেই গার্মেন্টস মালিকগণের তাগিদ, শিল্প প্রতিষ্ঠানের কল্যাণে এবং অবশ্যই অর্থনীতির সার্থেই সরকার অনেক ঝুঁকি নিয়েও খুলে দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে । যদিও এটা ভবিষ্যতে মহামারীকে দীর্ঘায়িত করতে পারে। তারপরেও বলতেই হয় সরকার এগিয়ে এসেছে । এখন গার্মেন্টস মালিকদের দায়িত্ববোধের উপর আগামীর করোনা সংক্রান্ত সমস্যা অনেকখানিই নির্ভর করছে। এই  মালিকদের হাতেই কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য এবং সুস্থ থাকা ।

গার্মেন্টস মালিকদের শুধু স্মরণ করিয়ে দেবার জন্য বলছি, এই করোনা মহামারীতে আপনারা যেভাবে চাপ দিয়ে সবার আগে সরকারের নিকট প্রণোদনা নিয়েছেন, অথচ তিনদিনের জন্যেও শ্রমিদের পাশে ছিলেন না! উল্টো ওদের শত শত মাইল হাঁটিয়ে এনেছেন , আবার ফিরত পাঠিয়েছেন ! সাথে করোনাকে ছড়াতে সহায়তা কথেছেন ।

লেখার শেষে আগামীর একটি আশংকার অনুমান বলেই শেষ করবো । বর্তমানে রমজান মাস চলছে। সামনেই আসবে ঈদ পার্বণ । ধারণা করি এই ঈদ পার্বণেও গার্মেন্টস মালিকেরা আবার সরকারের কাছ হাত পাতবে, মানে ভিক্ষা চাইবে । মানে করোনাতে এই লস, ওই লস, বেতন দেবার সমস্যা , ইত্যাদি বলে ( যদিও বাস্তবতা নিশ্চিত ভিন্ন  ) সরকারকে চাপে রেখে  প্রণোদনা নিবেই নিবে । প্রণোদনা আদায়ের  সুযোগ থাকলে , আদায় করুন, অসুবিধে নেই । তবে বরাবরের মতন শ্রমিকদের ঈদ পার্বণে সময় মতন বেতন না দিয়ে কোনো বিপদে বেলবেন না । মনে রাখবেন আপনার সকল চাকচিক্য শ্রমিকের ঘামেই আসে।

মে দিবসে সকল শ্রমিকদের প্রতি লাল সালাম।

[  বিঃ দ্রঃ এই লেখাটি যখন লিখছি, ইউরোপে তখনও মে ডে চলছে ]

20190210_195317

বুলবুল তালুকদার 

যুগ্ম সম্পাদক শুদ্ধস্বর ডটকম 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.