বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ।আজ থেকে ২০২বছর আগে ১৮১৮ সালের ২৩ মে (১২২৫ বঙ্গাব্দের ১০ জ্যৈষ্ঠ) শনিবার প্রকাশিত হয় সাপ্তাহিক ‘সমাচার দর্পণ’। কলকাতা শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা। ঊনবিংশ শতকে বাংলা ভাষা ও সাহিত্যের নবজাগরণে সমাচার দর্পণের যথেষ্ট অবদান ছিল।পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হয়। পত্রিকাটি প্রকাশের সময় মিশনারিদের মধ্যে মতভেদ হয়। বিশেষ করে উইলিয়াম কেরি পত্রিকা প্রকাশ করে ব্রিটিশ সরকারের বিরাগভাজন হতে চাননি। পরে স্থির হয় যে, প্রথম সংখ্যাটির ইংরেজি অনুবাদসহ একটা কপি সরকারকে পাঠানো হবে এবং অনুমতি পেলে তবেই পত্রিকা প্রকাশ চালিয়ে যাওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুসারে মার্শম্যান, ভাইস প্রেসিডেন্ট এডমনস্টোন, চিফ সেক্রেটারি ও গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এদের প্রত্যেককে অনুবাদসহ পত্রিকার প্রথম সংখ্যা পৌঁছে দেওয়ার জন্য কলকাতায় রওনা হন। লর্ড ওয়ারেন হেস্টিংস স্বহস্তে চিঠি লিখে মার্শম্যানকে এদেশে জ্ঞানের প্রসার ঘটানোর সংকল্পে পত্রিকা প্রকাশের জন্য প্রশংসা করেন। এরপর পত্রিকাটি নিয়মিত প্রকাশের সিদ্ধান্ত প্রহণ করা হয়। সমাচার দর্পণ প্রথম প্রকাশ হয় শনিবার। এটি প্রকাশের কারণ ব্যাখ্যা করা হয়েছে প্রথম সংখ্যায়; বিজ্ঞপ্তি ছিল এই রকম : “সমাচার দর্পণ। কথক মাস হইল শ্রীরামপুরের ছাপাখানা হইতে এই ক্ষুদ্র পুস্তক প্রকাশ হইয়াছিল ও সেই পুস্তক মাস ২ ছাপাইবার কল্পও ছিল তাহার অভিপ্রায় এই যে এতদ্দেশীয় লোকেরদের নিকটে সকল প্রকার বিদ্যা প্রকাশ হয় কিন্তু সে পুস্তকে সকলের সম্মতি হইল না এই প্রযুক্ত যদি সে পুস্তক মাস ২ ছাপা যাইত তবে কাহারও উপকার হইত না অতএব তাহার পরিবর্ত্তে এই সমাচারের পত্র ছাপাইতে আরম্ভ করা গিয়াছে। ইহার নাম সমাচার দর্পণ।”পত্রিকাটির এই বিজ্ঞপ্তি সংবলিত পৃষ্ঠার একটি প্রতিলিপি দেওয়া হলো। স্বাভাবিক কারণেই ২০০ বছর আগে মুদ্রিত কোনো পৃষ্ঠার সুস্পষ্ট প্রতিলিপি পাওয়া খুব শক্ত।
পত্রিকার সম্পাদক হিসেবে মার্শম্যানের নাম ছাপা হলেও প্রকৃতপক্ষে সে সময়কার খ্যাতিমান বাঙালি পণ্ডিতরা এই পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। সমাচার দর্পণের প্রথমাবস্থায় সম্পাদকীয়-বিভাগে পণ্ডিত ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার। পরে পণ্ডিত তারিণীচরণ চার বছর সমাচার দর্পণ সম্পাদনে সহায়তা করেন। পণ্ডিতরা অনুপস্থিত থাকলে পত্রিকাটিতে নতুন সংবাদ প্রকাশ বন্ধ থাকত। বিষয়টি পরিষ্কার বুঝা যায় ১৮৩৩ খ্রিষ্টাব্দের ২৬ অক্টোবর সংখ্যায় প্রকাশিত একটি বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি ছিলো “আমারদের পণ্ডিতগণ আগামী সোমবার পর্যন্ত স্ব ২ বাটি হইতে প্রত্যাগত হইবেন না অতএব এই কালের মধ্যে দর্পণে নূতন ২ সম্বাদ প্রকাশ না হওয়াতে পাঠক মহাশয়েরা ত্রুটি মার্জ্জনা করিবেন।”
সমাচার দর্পণে পত্রিকাটিতে যেসব সংবাদ ছাপানো হতো ক. জজ, কালেক্টর ও অন্য রাজকর্মচারীদের নিয়োগ, খ. ইংল্যান্ড ও ইউরোপ থেকে আসা সংবাদ এবং দেশের নানা সমাচার গ. বাণিজ্যবিষয়ক নতুন সংবাদ, ঘ. জন্ম, বিবাহ ও মৃত্যুবিষয়ক সংবাদ, ঙ. ভারতবর্ষের প্রাচীন ইতিহাস, পণ্ডিতলোক এবং বইয়ের বিবরণ, চ. গভর্নর কর্তৃক জারিকৃত আইন ও হুকুম প্রভৃতির বিবরণ, ছ. ইউরোপীয়দের রচিত বই থেকে এবং ইংল্যান্ড হতে আসা বইয়ের শিল্প ও কল-কারখানার বিবরণ। দেশ-বিদেশের নানা খবর, ব্যবসা-বাণিজ্য ও শিল্প, আইন, নতুন আবিষ্কার, বই-বিবরণ, ভারতবর্ষের প্রাচীন ইতিহাস ইত্যাদি নানা বিষয়। এছাড়া পত্রিকার প্রথম সংখ্যায় সাতটি উদ্দেশ্যের কথা উল্লেখ করেছিলেন। এই উদ্দেশ্যের ভেতরে সমাজ-নিয়মের কোনো পরিবর্তনের কথা ছিল না। সরকারি আদেশ প্রচার, বাণিজ্যের বিবরণ, নতুন প্রকাশিত বইয়ের বিবরণ, নতুন কলকারখানা স্থাপনের সংবাদ প্রচারকে প্রাধান্য দেওয়া হয়েছিল এই পত্রিকায়। উল্লেখ্য, পত্রিকাটির পরিচিতি লাভের জন্য পথম তিন সপ্তাহ এটি বিনামূল্যে বিতরণ করা হয়েছিল।
১৮২৯ সালের ১১ জুলাই থেকে ‘সমাচার দর্পণ ইংরেজি ও বাংলা ভাষায় প্রকাশিত হতে থাকে। চাহিদা বৃদ্ধির কারণে, ১৮৩২ সালের ১১ জানুয়ারি থেকে শনিবার ছাড়াও প্রতি বুধবার পত্রিকাটি প্রকাশিত হতে থাকে। এই সময় পত্রিকার দাম হয় মাসিক দেড় টাকা। সংবাদপত্রের ডাকমাশুল বৃদ্ধির কারণে পত্রিকাটি আবার শনিবারভিত্তিক সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয়।
নব পর্যায়ের সাপ্তাহিক ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়েছিল ১৮৩৪ সালের ৮ নভেম্বর শনিবার। এ বিষয়ে পত্রিকায় পাঠকদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি হলো ‘পাঠক মহাশয়েরদিগকে অতিখেদপূর্ব্বক আমরা জ্ঞাপন করিতেছি যে ইহার পূর্ব্বে এতদ্দেশীয় সম্বাদপত্রে যে মাশুল নির্দ্দিষ্ট ছিল তাহা সম্প্রতি গবর্ণমেন্টের হুকুমক্রমে দ্বিগুণ হওয়াতে ইহার পর অবধিই আমাদের বুধবাসরীয় দর্পণ প্রকাশ রহিত করিতে হইল।’ প্রকাশের পর প্রথম তিন সপ্তাহ পত্রিকাটি বিনামূল্যে বিতরণ করা হয়।
পরবর্তী সময়ে মূল্য নির্ধারণ করা হয় প্রতি মাসে দেড় টাকা ১৮৪০ খ্রিষ্টাব্দের ১ জুলাই, জন ক্লার্ক মার্শম্যানের ওপর ‘গবর্মেন্ট গেজেট’ নামক একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনার দায়িত্ব অর্পণ করা হয়। এই কাজের জন্য মার্শম্যান ‘সমাচার দর্পণ’ থেকে পদত্যাগ করেন। উপযুক্ত সম্পাদক না পাওয়ায়, ‘সমাচার দর্পণ’- সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এই পর্যায়ে এর শেষ সংখ্যা প্রকাশিত হয় ১৮৪১ সালের ২৫ ডিসেম্বর।
দ্বিতীয় পর্যায়ে (১৮৪২-৪৩) পত্রিকাটি ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ১৮৪২ সালের ফেব্রুয়ারি মাসে ভগবতীচরণ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয়। দ্বিতীয় পর্যায়ে পত্রিকাটি বেশিদিন চলেনি। তৃতীয় পর্যায় (১৮৫১-৫২) এ পর্যায়ে পত্রিকাটি দেড় বছর চলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ১৮১৮ সাল থেকে হতে ১৮৪০ সাল পর্যন্ত সমাচার দর্পণে মুদ্রিত সংবাদ বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ কর্তৃক দু’খণ্ডে প্রকাশিত সংবাদপত্রে সেকালের কথা (১ম খণ্ড-১৩৩৯, ২য় খণ্ড-১৩৪০) গ্রন্থে বণিত হয়েছে। প্রায় তেইশ বছর ধারাবাহিকভাবে প্রকাশের পর ১৮৪১ সালের ২৫ ডিসেম্বর সমাচার দর্পণ বন্ধ হয়ে যায়।
কাজী সালমা সুলতানা, লেখক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ।

