জার্মানিতে কড়াকড়ির মেয়াদ বাড়লো আরও এক সপ্তাহ

  জার্মানি: বৃহস্পতিবার (৩০ এপ্রিল)। সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ১০ই মে পর্যন্ত কড়াকড়ির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। জার্মান সময় বৃহস্পতিবার বিকালে তিনি এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এছাড়া আগামী ৬ই মে বিধিনিষেধ শিথিল করার বিষয়ে সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পুনরায় আলোচনায় বসবেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর জোর দিয়ে বলেন পুরো জার্মানিতে আমাদের একটাই কৌশল, আর তা হলো করোনা ভাইরাস সংক্রমণ রোধ করা। তাই সকল ক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছনতার দিকগুলো গুরুত্ব দিতে হবে। রেস্তোঁরাগুলি খোলা ‘সমস্যাযুক্ত’ উল্লেখ করে ম্যার্কেল বলেন, এই মুহুর্তে রেস্তোঁরাগুলি আবার চালু করা “সমস্যাযুক্ত” হবে কারণ এক টেবিলের আশেপাশের লোকেরা এক পরিবার থেকে নয় বরং বিভিন্ন পরিবারের লোকজন। ম্যার্কেল ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আজকের সিদ্ধান্তকে একটি “মধ্যবর্তী পদক্ষেপ” হিসাবে বর্ণনা করে বলেছেন, আগামী সপ্তাহে আরও পদক্ষেপের ঘোষণা করা হবে। আগামী ৪ মে থেকে দেশজুড়ে কিছু বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত সপ্তাহ দুয়েক আগেই নেওয়া হয়েছিল। আপাতত তাতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন করা হয় নাই। তবে সামাজিক দূরত্ব সহ কিছু কড়াকড়ির মেয়াদ আরও এক সপ্তাহ অর্থাৎ ১০ই মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল ও রাজ্য সরকার। আগামী ৬ই মে আরও আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গির্জা, মসজিদ সহ অন্যান্য উপাসনালয় খোলার বিষয়ে রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। শিশুদের প্লেগ্রাউন্ড, চিড়িয়াখানা ও মিউজিয়ামও ধাপে ধাপে খোলা হবে। তবে সব ক্ষেত্রেই সামাজিক ব্যবধানের নিয়ম মেনে চলতে হবে। তবে ৩১ আগস্ট পর্যন্ত সভা, সমাবেশ, সেমিনার সহ সকল বড় বড় ইভেন্টগুলি নিষিদ্ধ থাকবে দেশটিতে। এছাড়াও গত বুধবার এক সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাশ বিশ্বব্যাপী ভ্রমণের সতর্কতা আগামী ১৪ জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন। এদিকে দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬২৫৩০ জন এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন ৬৫৭২ জন।
 হাবিবুল্লাহ আল বাহার,   প্রতিনিধি এনটিভি       জার্মানি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.