আজ থেকে খুলেছে সকল সরকারি-বেসরকারি অফিস

প্রাণঘাতী করোনায় টানা ৬৬ দিন বন্ধ থাকার পর আজ রবিবার (৩১ মে) থেকে শর্ত সাপেক্ষে খুলছে সরকারি- বেসরকারি অফিস। গত ২৮ মে সাধারণ ছুটি না বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত কঠোরভাবে বিধি-নিষেধ মেনে সার্বিক কার্যাবলী/চলাচলের পক্ষে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল প্রথম দফায় সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর কয়েক দফায় সাধারণ ছুটি বাড়ানো হয়। সর্বশেষ গত ১৯ মে মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষণা অনুযায়ী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে এর আগে ২৬ এপ্রিল রবিবার থেকে ঢাকাসহ দেশের সব বিভাগ এবং জেলা-উপজেলা পর্যায়ে সরকারের ১৮টি মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগগুলো খুলেছে। এসব কার্যালয়ে কাজ চলছে সীমিত আকারে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘ সময় সরকারি নির্দেশ অনুযায়ী বাসায় অবস্থান করছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। অনেকেই জানিয়েছেন, বাসায় অবস্থান করলেও তারা কেউ কেউ অনলাইনে দায়িত্ব পালন করছেন। এদিকে, আজ থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু হচ্ছে। পূর্বের সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শাখা ও প্রধান কার্যালয় বিকাল ৬টা পর্যন্ত খোলা থাকবে। তবে করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সীমিত ব্যাংকিং কার্যক্রম চলবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.