নারায়ণগঞ্জে করোনায় ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে দু’জনের মৃত্যু হয়েছে। রোববার রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃতদের একজন নারী। তার ছেলে জানান, শনিবার তার মায়ের প্রেসার ও ডায়াবেটিক সমস্যা বেড়ে যায়। পরে রোববার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। করোনা উপসর্গ থাকায় সেখান থেকে পাঠানো হয় কুয়েত মৈত্রী হাসপাতালে। সেখানেই রোববার রাতে তিনি মারা যান। পরে নমুনা সংগ্রহের পর করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনি আরো জানান, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে- তারা নিজেরাই লাশ দাফন করবে। সোমবার তাদের বাড়ির সবার নমুনা সংগ্রহ করবে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ওই পরিবারের সদস্যদের দূরত্ব বজায় রেখে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আজ পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

এদিকে রোববার সকালে ফতুল্লার দেওভোগ এলাকার এক বাসিন্দা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা জানান, রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৯ এপ্রিল অসুস্থ হলে তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়। সেখানকার ডাক্তাররা তাকে কুয়েত মৈত্রীতে পাঠান। সেখানে নমুনা সংগ্রহের পর তার রিপোর্ট পজিটিভ আসে। রোববার দুপুরে পরিবার জানতে পারে তিনি মারা গেছেন। এখন পরিবারের সবাই যেহেতু তার সেবা করেছেন, তাই তাদের টেস্টের ব্যবস্থা করছি। লাশ ইতোমধ্যে রাজধানীর খিলগাঁওয়ে দাফন করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.