সৈয়দ মুজিবুর রহমান দুলাল:আজ থেকে শতবর্ষ আগে রাতের আঁধার ভেদ করে ভোরের সূর্য্যরে আলোর মতো আলোকিত করে এই ধরাধামে আসেন একটি শিশু।
১৯২০ সালের ১৭ই মার্চ ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমান জেলা) টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম তাঁর। বাবা শেখ লুতফুর রহমান, মা মোসাম্মত সাহারা খাতুন। বাবা-মা আদর করে তাঁকে খোকা নামে ডাকতেন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খোকা ছিলেন সেজো। তাঁর শৈশবকাল কাটে টুঙ্গিপাড়ায়।
১৯২৭ সালে খোকার পড়াশোনা শুরু হয় গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে গোপালগঞ্জ পাবলিক স্কুল ও স্থানীয় মিশনারি স্কুলে ভর্তি হন। ১৯৩৪ সালে ১৪ বছর বয়সে খোকা বেরিবেরি রোগে আক্রান্ত হলে কোলকাতায় নিয়ে তাঁর একটি চোখ অপারেশন করা হয়। ওই কারণে তাঁর লেখাপড়ার সাময়িক বিরতি ঘটে। চক্ষুরোগে চার বছর শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পর খোকা পুনরায় স্কুলে ভর্তি হন।
১৯৩৯ সালে বিদ্যালয়ে অধ্যয়ন করা কালে হঠাত একদিন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জ মিশনারি স্কুল পরিদর্শনে আসেন। ওই সময় সেই খোকা বিদ্যালয়ের ছাদ দিয়ে পানি পড়তো তা নিরসনের জন্য এবং ছাত্রাবাস নির্মাণের দাবি জানান। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা নিরসনের জন্য এই ছোট্ট বয়সে এমন উপলব্ধি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীকে রীতিমত অবাক করে দিলেন খোকা।
ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করার ভাবনা ছিল মনে। তাই সেদিন বিদ্যালয়ের স্বার্থে শিক্ষার্থীদের কল্যাণে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন। কে জানতো এই খোকাই একদিন পুরো দেশ ও দেশের মানুষকে তাঁদের অধিকার প্রতিষ্ঠায় জাগিয়ে তুলবেন।
তিনি গোটা বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করেন। তাঁর ডাকে সাড়া দিয়ে সকল শ্রেণি-পেশার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন। জীবনবাজী রেখে পাকসেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে নয় মাসে বিজয় অর্জন করবেন। এটি কেমন করে সম্ভব? সত্যিই ভাবতে অবাক লাগে!
বাঙালী জাতিকে অধিকার আদায়ে জাগ্রত করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালী জাতির অধিকার আদায়ের জন্য এই মহাবীর জীবনের অর্ধেক সময় কারাগারে কাটিয়েছেন। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও শোষিত-বঞ্চিত মানুষের কথা বলেছেন। তিনি বলেছেন- “বিশ^ দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। তিনি বাঙালী জাতির জন্য মৃত্যুকে আলিঙ্গন করেছেন। তবুও মাথানত করেননি।
১৯৪৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন।
১৯৪৭ সালে কোলকাতা বিশ^বিদ্যালয়ের অধীন ইসলামিয়া কলেজ থেকে বিএ পাশ করেন। ১৯৪৮ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন এবং ৪ঠা জানুয়ারি ছাত্র সমাজকে তাঁদের অধিকার সম্পর্কে সচেতণ করতে এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায়ে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে “মুসলিম ছাত্রলীগ” নামে একটি ছাত্র সংগঠণ প্রতিষ্ঠা করেন।
ওই বছর ২৩শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন আইন পরিষদে ‘পূর্ব পাকিস্তানের জনগণ উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেবে‘ বলে ঘোষণা দিলে তাতক্ষণিক ভাবে বঙ্গবন্ধু এর প্রতিবাদ জানান। খাজা নাজিমুদ্দিনের বক্তব্যে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে।
শেখ মুজিবুর রহমান মুসলিম লীগের এই পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি গ্রহণের জন্য কর্মততপরতা শুরু করেন। বঙ্গবন্ধু ছাত্র ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেন। ২রা মার্চ ভাষা প্রসঙ্গে মুসলিম লীগের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ফজলুল হক মুসলিম হলে অনুষ্ঠিত ওই বৈঠকে বঙ্গবন্ধুর প্রস্তাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সংগ্রাম পরিষদ বাংলা ভাষা নিয়ে মুসলিম লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১১মার্চ সাধারণ ধর্মঘট আহবান করেন।
১১ মার্চ বাংলা ভাষার দাবিতে ধর্মঘট পালনকালে বঙ্গবন্ধু সহকর্মীদের সাথে সচিবালয়ের সামনে বিক্ষোভরত অবস্থায় গ্রেপ্তার হন। বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে সারাদেশে ছাত্রসমাজ প্রতিবাদে ফেটে পড়ে। মুসলিম লীগ সরকার ছাত্রদের আন্দোলনের চাপে বঙ্গবন্ধুসহ গ্রেপ্তারকৃত ছাত্র নেতৃবৃন্দকে মুক্তি দিতে বাধ্য হয়। ১৫ মার্চ বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন।
পরদিন ১৬ মার্চ ঢাকা বিশ^বিদ্যালয়ের আমতলায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের উদ্যোগে ছাত্র-জনতার সভার আয়োজন করা হয়। ওই সভায় বঙ্গবন্ধু সভাপতিত্ব করেন। সভায় পুলিশ হামলা চালায়। পুলিশি হামলার প্রতিবাদে সভা থেকে বঙ্গবন্ধু ১৭ মার্চ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালনের আহবান জানান। ওই বছর ১১ সেপ্টেম্বর ফরিদপুর কর্ডন প্রথার বিরুদ্ধে আন্দোলন করার জন্য তাঁকে প্রেপ্তার করা হয়।
১৯৪৯ সালের ২১শে জানুয়ারি শেখ মুজিবুর রহমান মুক্তি লাভ করেন। ওই বছর ঢাকা বিশ^বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাঁদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ধর্মঘট ঘোষণা করলে বঙ্গবন্ধু ধর্মঘটের প্রতি সমর্থন জানান। কর্মচারীদের এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ২৯শে মার্চ বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ অযৌক্তিক ভাবে তাঁকে জরিমানা করেন। তিনি এই নির্দেশ ঘৃণাভরে প্রত্যাখান করেন। ফলে বিশ^বিদ্যালয় থেকে বহিস্কৃত হন। ১৯ এপ্রিল উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট করার কারণে গ্রেপ্তার হন। ২৩শে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় এবং কারাগারে থাকা অবস্থায় শেখ মুজিবুর রহমান দলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। জুলাই মাসের শেষের দিকে মুক্তি লাভ করেন।
কারাগার থেকে বের হয়েই দেশে বিরাজমান খাদ্য সংকটের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে থাকেন। সেপ্টেম্বরে ১৪৪ ধারা ভঙ্গের দায়ে গ্রেপ্তার হন এবং মুক্তি লাভ করেন। ১১ অক্টোবরে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের সভায় নুরুল আমিনের পদত্যাগ দাবি করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁনের আগমন উপলক্ষে আওয়ামী মুসলিম লীগ ভুখা মিছিল বের করেন। ওই মিছিলে নেতৃত্ব দেয়ার অভিযোগে ১৪ অক্টোবর শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁকে প্রায় দুই বছর পাঁচ মাস কারাগারে আটক রাখা হয়।
১৯৫২ সালের ২৬ জানুয়ারি খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এর প্রতিবাদে বন্দি থাকা অবস্থায় ২১শে ফেব্রুয়ারিকে রাজবন্দি মুক্তি এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি দিবস হিসেবে পালনের জন্য বঙ্গবন্ধু রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রতি আহবান জানান। ১৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এ দাবিতে কারাগারে অনশন শুরু করেন।
২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র সমাজ ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। ওই সময় পুলিশ মিছিলে গুলি চালালে সালাম, রফিক, বরকত, শফিউর শহীদ হন। বঙ্গবন্ধু কারাগার থেকে এক বিবৃতিতে ছাত্র মিছিলে পুলিশের গুলিবর্ষনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি কারাগারে একটানা ১৭ দিন অনশন অব্যাহত রাখেন। কারাগার থেকে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ রাখার দায়ে তাঁকে ঢাকা থেকে ফরিদপুর কারাগারে সরিয়ে নেয়া হয়। ২৬ ফেব্রুয়ারি ফরিদপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন। ওই বছর ডিসেম্বর মাসে তিনি “পিকিং”-এ বিশ^শান্তি সম্মেলনে যোগদান করেন।
বাঙালী জাতির সেই মহানায়ক শেখ মুজিবুর রহমান। জাতির সর্ব শ্রেষ্ঠ সন্তান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী। যিনি বঙ্গবন্ধু খেতাবে ভূষিত হোন। যাঁর মননশীল মেধা ও সৃজনশীল চিন্তার ফসল এই বাংলাদেশ। যাঁর স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়া। শুধু তাই নয়; যিনি বাঙালী জাতির মায়ের ভাষা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন। যাঁর নেতৃত্বে সেদিন বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে দ্বিধা করেননি এ দেশের দামাল ছেলেরা। এ দেশ ছাড়া সমগ্র পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া যাবে না, যাঁরা ভাষার জন্য লড়াই করেছেন। বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছেন। একমাত্র বাঙালী জাতি তাঁর মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করেছেন।

