জেলে গুরুতর অসুস্থ খালেদা জিয়া, মরিয়া হয়ে মুক্তির দাবিতে কর্মসূচি দিল বিএনপি

আজ কারাবন্দি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে তার বোন সেলিমা ইসলাম আশঙ্কা প্রকাশ করেছেন বেগম জিয়া হয়তো আর জীবিত অবস্থায় মুক্তি পাবেন না। সেলিমা ইসলাম এ কথা জানানোর কয়েক ঘণ্টা পরেই বেগম জিয়ার মুক্তির দাবিতে আগামী ১১ মার্চ সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ মার্চ) রাত নয়টায় তিনি এ ঘোষণা দেন। খালেদা জিয়া গুরুতর অসুস্থ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এবার তাঁকে মুক্ত করতেই হবে।

এর আগে, মানবিক বিবেচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তার মেজ বোন সেলিমা ইসলাম। শনিবার (৭ মার্চ) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ আহ্বান জানান তিনি। সেলিমা ইসলাম বলেন, উনার স্বাস্থ্যের অবস্থা আগের মতনই আছি। কোন কিছুর পরিবর্তন হয়নি। শ্বাস কষ্টের কারণে উনি নিঃশ্বাসস নিতে পারছেন না। তার বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, খেতে পারছে না, খেলে বমি হয়ে যাচ্ছে।

খালেদা জিয়ার মামলার সর্বশেষ যে জামিন আবেদন করা হয়েছে সে বিষয়ে তিনি সবকিছু জানেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সেলিম ইসলাম বলেন, উনি এসব বিষয়ে সব কিছু জানেন। আমরা মনে করি মানবিক কারণে তাকে মুক্তি দেয়া উচিত। তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। এতকিছুর পরেও আমরা তাকে জীবিত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে যেতে পারবো কিনা সেটা নিয়ে সন্দিহান। আমরা তো বলছি সরকার অন্তত মানবিক দিকটা বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.