হোলি আর্টিজান নিয়ে সিনেমা, লিগ্যাল নোটিশের বিষয়ে মুখ খুললেন ফারুকী

২০১৬ সালে ঢাকায় হলি আর্টিজানে জঙ্গি হামলার মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ওই ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করায় এবার লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীকে। গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বুধবার ল ফার্ম ‘লিগ্যাল কাউন্সিল’ এ নোটিশ পাঠিয়েছে।

শুধু তাকেই নয়, লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে ছবিটির সঙ্গে সম্পৃক্ত অন্যদেরও। বাংলাদেশ-ভারত-জার্মান ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় চলচ্চিত্রকার মহেশ ভাটকেও লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। জানা গেছে, গত বছর ‘শনিবার বিকেল’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। ছবিটি এখনও আটকা পড়ে আছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে। অভিযোগ রয়েছে, এই ছবিটি হোলি আর্টিজানে ঘটা নির্মম ঘটনারই প্রতিচ্ছবি।

লিগ্যাল কাউন্সিলের ব্যারিস্টার মিতি সানজানা এবং ব্যারিস্টার ওমর এইচ খান গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান ‘অবিন্তা কবির ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এই নোটিশ দেয়া হয়েছে। ফারুকীসহ সিনেমাটির বাংলাদেশি প্রযোজক জাজ মাল্টিমিডিয়া ও জার্মানের প্রযোজক টেন্ডেম প্রডাকশন এবং ভারতের তিন চলচ্চিত্রকার মহেশ ভাট, অগ্নিদেব চ্যাটার্জি ও গুলপানাংকের কাছে নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশের ব্যাখ্যায় ব্যারিস্টার ওমর এইচ খান সাংবাদিকদের আরও জানান, ২০১৬ সালের ওই জঙ্গি হামলার ঘটনার মতো মর্মান্তিক আর কিছুই নয়। ওই ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের অপূরণীয় ক্ষতি ও কষ্ট কারও পক্ষে মাপা সম্ভব নয়। তাই আমরা মনে করি, স্বজনহারা এসব ভুক্তভোগীকে বিরক্ত করে বা তাদের এই শোকের স্মৃতি মনে করিয়ে দেয়াটা অমানবিক।

এদিকে নোটিশ নিয়ে মুখ খুলেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের আইনজীবী এই নোটিশের কাউন্টার নোটিশ পাঠাবে। এরই মধ্যে কাউন্টার লিগ্যাল নোটিশ প্রস্তুত করা হয়েছে বলে জানি। শিগগিরই তাদের কাছে নোটিশের জবাব পৌঁছে যাবে।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনায় মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে নামি ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে ও পুরস্কৃত হচ্ছে। বুধবার সকালে প্যারিসের ভেসুল উৎসবে অংশ নিয়ে দুটি পুরস্কার অর্জন করেছে। গত বছরের মে মাসে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে। পেয়েছে দুটি ইন্ডিপেনডেন্ট জুরি পুরস্কারও।

‘শনিবার বিকেল’-এ কাজ করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। এরমধ্যে বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানিসহ অনেকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.