কচুরিপানা বিতর্কের ব্যাখ্যা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি দাবি করেছেন, দেশের মানুষকে কচুরিপানা খেতে বলেননি তিনি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় পরিকল্পনামন্ত্রী একথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, থাইরা করছে না, পেয়ারা থেকে বিচি উঠিয়ে দিয়েছে। আমরা খাচ্ছি না আরামছে। আমাদের এখানে তা সম্ভব না? সেই প্রেক্ষিতে আমি বলছিলাম গবেষণা আরও বেশি করে করেন। কাঠাল নিয়ে গবেষণা করেন। মন্ত্রী আরও বলেন, কচুরিপানার ফুলতো আমি নিজে খেয়েছি। ভেসনে ডুবিয়ে মা ভাজতো। এগুলো খুব মিস করি।
এর আগে গতকাল (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এনইসি-২ সম্মেলন কক্ষে তিনি বলেন, ‘কচুরিপানা নিয়ে কিছু করা যায় কিনা। কচুরিপানার পাতা খাওয়া যায় না কোন মতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন?’ এ বিষয়ে গবেষণারও তাগিদ দেন মন্ত্রী।
তিনি বলেন, ‘বাংলাদেশের কেন্দ্রীয় রূপান্তর কৃষিতেই হয়েছে। ওখান থেকে অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে।’ এম এ মান্নান বলেন, ‘পোস্ট হারভেস্ট লস্ট কীভাবে কমানো যায়, এ বিষয়ে গবেষণা করুন। আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই ক্ষোভ প্রকাশ করেন, কেন বেশি গবেষণা হচ্ছে না। গবেষণার জন্য এ সরকার উন্মুখ হয়ে আছে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশে আরও বেশি প্রতিষ্ঠান গড়ে তুলতে বলেছেন প্রধানমন্ত্রী। কেউ কেউ বলেন, এত প্রতিষ্ঠান কেন? ১৬ কোটি মানুষের দেশ এটা। আনুপাতিক হিসাব করলে আমরা এখনো ওই পর্যায়ে যাইনি, যে লেভেলে পশ্চিমারা আছে। তাই প্রধানমন্ত্রী বলেছেন, আরও বেশি প্রতিষ্ঠান গড়তে হবে। মান নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীও করেন। তার ধারণা, চাপের মুখে মানোন্নয়ন হবে।’
এদিকে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিকরণসহ নয়টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় হবে ১৩ হাজার ৬৩৯ কোটি ১ লাখ টাকা।
মন্ত্রী জানান, এই নয়টি (নতুন) প্রকল্পে সরকারি অর্থায়ন করা হবে ৮ হাজার ৮৮৬ কোটি ৪৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ২৯৩ কোটি ১৬ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৪ হাজার ৪৫৯ কোটি ৪১ লাখ টাকা।

