রাজশাহীতে মোবাইল ফোনের শোরুমে আগুন, দগ্ধ ১

রাজশাহী নগরীর অলকার মোড়-রাণীবাজারের একটি মার্কেটে আগুনে পুড়ে গেছে মোবাইল ফোনের দুটি শোরুম। রোববার সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। এসময় শোরুমের একজন কর্মী অগ্নিদগ্ধ হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।

শোরুমের কর্মী নাহিদ জানান, সকালে তাদের সহকর্মী ফয়সাল শোরুমের সার্টার খুলে বিদ্যুতের মেইনসুইচ অন করে। এসময় সাথে সাথে সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এসময় আগুনে ফয়সালের মুখমণ্ডল দগ্ধ হয়। পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে শোরুমে থাকা সকল মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাব পুড়ে যায়। শোরুম দুটি মোবাইল ফোন কোম্পানি ভিভো ও মোটোরোলার।

হ্যালো রাজশাহী-২ নামে ওই শোরুমের মালিক অঞ্জন কুমার রায় জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

এদিকে আগুনের কারণে আশেপাশের ভবনগুলোতেও আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা থেকে বেরিয়ে আসেন সড়কে। উৎসুক জনতা ভীড়ে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে। এসময় নিউমার্কেট- সাহেব বাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুর রশিদ জানান, রোববার সকাল পৌনে ১০টার দিকে তিনি আগুন লাগার খবর পান। খবর পেয়েই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ইউনিট এসে যোগ দেয়। মোট ৪টি ইউনিট মিলে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের কারণ এখনও নিশ্চিত করে বলতে পারেননি তিনি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.