ভোট রঙ্গ এবং কিছু কথা

ভোট নিয়ে কি লিখবো। কিছু কি লেখার আছে ?বা লিখেও কি কোন লাভ আছে ? আমি কিছুদিন ধরে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে বাংলাদেশের সুশীল সমাজের কথাবার্তা পত্রপত্রিকায় এবং টক শো লক্ষ্য করছিলাম , তারা অনেকেই আশা করেছিলেন ২০১৮ র ৩০ শে ডিসেম্বরের নির্বাচনে যে কারচুপি বা দিনের ভোট আগেরদিন রাতে হয়েছে সেই কলঙ্ক দূর করার জন্য সরকার এই নির্বাচনটা নিরেপেক্ষ করবে , তাদেরর এই ধারনার প্রতি আমার কিছুটা বিশ্বাসও জন্মেছিল , হয়তো সরকার নিরেপেক্ষ থাকবে , আমি নির্বাচন কমিশন নিরেপেক্ষ থাকলো কিনা তা কখনও বিবেচনায় নেই না , কারন সরকার না চাইলে নির্বাচন কমিশন কখনও নিরেপেক্ষ হতে পারে না , এর বহুবিধ কারন আছে সেদিকে নাই বা গেলাম । এই নির্বাচনের দুদিন আগে ঢাকার দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক মাহাবুব কামাল টেলিভিশন টক শোতে বলেছিলেন একটি নির্মম সত্য কথা ,তা হোল প্রধানমন্ত্রী নিরেপেক্ষ নির্বাচন চান কি না , তিনি যদি চান তা হলে নির্বাচন নিরেপেক্ষ হবে না চাইলে হবে না ,মাহাবুব কামাল এটাও বললেন শোনা যাচ্ছে একটা ছাড়বে, একটা রাখবে ।  একটা রাখা বা একটা ছাড়া যদি কারও চাওয়ার উপর নির্ভর করে তা হলে সেই নির্বাচনে জনগন কষ্ট করে ভোট দিতে যাবে কেন ? জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপিকে কিছু আসন দেবে শুনেছিলাম কিন্তু তা বাস্তবে দেখিনি, যা দেয়া হয়েছে তা অনেকটা ভিক্ষা দেয়ার মতো , এই সিটি নির্বাচনে যে কোন ছাড় দেবে না দুটোই নেবে তা আমার আগেই ধারনা হয়েছিলো ,কারন যেখানে সাধারণ হাটবাজার সমিতির নির্বাচনে ছাড় দেয়া হয় না সেখানে এত গুরুত্বপূর্ণ সিটি নির্বাচনে ছাড় দেবে কেন ?

এখন প্রশ্ন হোল এসব করে লাভ কার হলো, এক কথায় যিনি জিতেছেন তার লাভ কিন্তু দল হিসাবে আওয়ামীলীগ হেরেছে , যে দলটির একটি ঐতিহ্য ছিল গনতান্ত্রিক  সংগ্রামের, যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে  , সেই দলটি গণতন্ত্রকে এইভাবে পদদলিত করে নির্বাচনকে হাস্যকর করে তুলবে তা মনে সেই দলের নেতাকর্মীরাও আশা করেনি , একজন ব্যবসায়ী তার দলের জন্য বিন্দুমাত্র অবদান নেই তাকে বিজয়ী করার জন্য এই কলঙ্কের তিলক কেন তারা কপালে ধারন করলেন তা নিয়েও সেই দলের পোড় খাওয়া কর্মীদের জন্যও স্বস্তিকর নয়,   আমার অনেক বন্ধু যারা আওয়ামীলীগের সমর্থক দেশ থেকে টেলিফোনে আমার কাছে যে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তা লেখার মতো নয়  ।  ওই দুই মেয়র যাদের নির্বাচিত ঘোষণা করা হোল তাদেরও বিবেক থাকলে তারাও দংশিত হবেন প্রতিমুহূর্তে । এই রকম নির্বাচনে নির্বাচিত হওয়া যায় কিন্তু বিজয়ী হওয়া যায় না । শেষ কথা কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে বিজয়ী হওয়ার চেয়ে পরাজিত হওয়া অনেক গৌরবের , অন্তত বিবেকের কাছে নির্দোষ থাকা যায় । এই ভোটকে ভোট না বলে ভোটরঙ্গ বলাই শ্রেয় । এরকম ভোটে খামখা অংশ নিয়ে এই রঙ্গতে অংশ আগামিতে কেউ নেবে কি নেবে না তা জানিনা , তবে নির্বাচন যে চিরতরে নির্বাসনে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না ।

হাবিব বাবুল, প্রধান সম্পাদক, শুদ্ধস্বর ডটকম ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.