বেতন না দিয়ে পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের বিক্ষোভ

সাভারে বেতন না দিয়ে একটি পোশাক কারখানা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

আজ রবিবার দুপুর দেড়টার দিকে মিরপুরে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সাভারের বিরুলিয়ার ‘সার্ক নিটওয়্যার লিমিটেড’র প্রায় এক হাজার শ্রমিক।

এর আগে আজ সকাল ৯টায় বিরুলিয়ার মিরপুর বাইপাস সড়কের সামাইর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

এতে বিরুলিয়ার মিরপুর বাইপাস সড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। পরে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, জানুয়ারির বেতন না দিয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করিয়ে নিয়ে হঠাৎ আজ সকালে কারখানা কর্তৃপক্ষ শ্রম আইনের ১৩ (১), (২) ও (৩) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করে।

তাদের দাবি, বেতন পরিশোধ এবং কারখানা চালু করা।

শ্রমিকরা জানিয়েছেন, শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে তারা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন। দাবি পূরণ না হলে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন দ্য ডেইলি স্টারকে বলেন, “শ্রমিকদের না জানিয়ে, জানুয়ারির বেতন না দিয়ে হঠাৎ আজ কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা হতাশ হয়ে পড়েছে। শ্রমিকদের বেতন পরিশোধসহ কারখানাটি দ্রুত খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।”

শুদ্ধস্বর/এস একে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.