বুরকিনা ফাসোয় চার্চে হামলা, নিহত ২৪

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে একটি চার্চে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় ২৪ জন নিহত হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশটিতে ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবারের প্রার্থনার জন্য স্থানীয়দের অনেকে ওই চার্চে জড়ো হয়েছিলেন। হঠাৎ সেখানে হামলা চালায় একদল সন্ত্রাসী। সন্ত্রাসীরা প্রথমে স্থানীয়দের একসঙ্গে করার পর পুরুষ ও নারীদের আলাদা করে।

এরপর পুরুষদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৪ জনের। জখম হন আরও ১৮ জন। পরে ওই চার্চে আগুন লাগিয়ে দিয়ে ৩ যুবককে অপহরণ করে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, কমপক্ষে ২০ জন বন্দুকধারী হামলা চালায় বলে জানা গেছে। হামলা চালিয়ে হত্যাকাণ্ডের পর স্থানীয় পেট্রল পাম্প থেকে তেল ও একটি দোকান থেকে চাল লুট করে।

তবে এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হলেও বন্দুকধারীদের কোনও পরিচয় জানা যায়নি। এমনকি উদ্ধার করা যায়নি অপহৃত ৩ যুবককেও।

হামলার ঘটনাস্থলটি নাইজার সীমান্তবর্তী একটি দুর্যোগপূর্ণ এলাকা। যেখানে বোকো হারামের সন্ত্রাসীরা প্রায়ই হামলা চালায়। দুই সপ্তাহ আগে আরেক হামলায় ১২ জনের বেশি মারা যায়।

বোকো হারাম এক দশক ধরে খেলাফত প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছে। প্রতিবেশী চাঁদ, নাইজার এবং ক্যামেরুনে নিয়মিত অভিযান চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। বোকো হারাম জঙ্গি এবং অন্যান্য সশস্ত্র দলগুলির আক্রমণ থেকে বাঁচতে প্রায় আড়াই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.