টাইগার উড, রাফায়েল নাদালদের পেছনে ফেলে যৌথভাবে ‘লাওরিয়াস স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার’ খেতাব জিতে নিয়েছেন লিওনেল মেসি ও লুইস হ্যামিল্টন।
১৯৯৯ সাল থেকে লাওরিয়াস অ্যাকাডেমির পক্ষ থেকে বিশ্বের সেরা ক্রীড়াবিদদের এই পদক প্রদান করা হচ্ছে। এবারই প্রথম কোনও ফুটবলার এই পুরষ্কার গ্রহণ করলেন। গোল্ডেন শু, ষষ্ঠ ব্যালন ডি’অর, ফিফার বর্ষসেরাসহ অসংখ্য পুরস্কারের ঝুলিতে শেষ সংযোজন লরিয়াসের এই পুরস্কার।
বার্লিনে আর্জেন্টিনা ও বার্সেলোনার মহাতারকা মেসি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ভিডিও বার্তায় ধন্যবাদ জানিয়েছেন।
ভিডিও বার্তায় মেসি বলেন, ‘প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছে এই আয়োজনে উপস্থিত না হতে পারায়। ইচ্ছা থাকার পরও আমি যোগ দিতে পারিনি। আমি ধন্যবাদ জানাতে চাই অ্যাকাডেমিকে যারা আমাকে এই পদকের জন্য উপযুক্ত মনে করেছেন। এই পদকটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো এটি গ্রহণ করতে পেরে আমি সম্মানিত।
শুধু ফুটবলার নয় প্রথম কোনও দলীয় খেলোয়াড় হিসেবে এই পুরষ্কার গ্রহণ করেন মেসি।
‘আমি আসলে খুবই আনন্দিত। প্রথম কোনও দলীয় খেলোয়াড় হিসেবে এমন সম্মান অর্জন করতে পেরে। অবশ্যই আমার দলকে ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবার, সমর্থকসহ যারা আমার পাশে ছিলেন সবার কাছে আমি কৃতজ্ঞ।’
এর আগে আরও পাঁচবার মনোনয়ন পেলেও ২০তম আসরে এসে সাফল্য ধরা দিল মেসির হাতে। এই পুরস্কার বিজয়ের পথে তিনি পেছনে ফেলেছেন রাফায়েল নাদাল, মার্ক মার্কুইজ, গলফার টাইগার উডসের মতো ক্রীড়া তারকাদের। গত বছর এই পুরস্কার ঘরে তুলেছিলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ।
এদিকে, একই রাতে ইতিহাস গড়েছেন শচীনও। বিশ বছরের সেরা ক্রীড়া মুহূর্তের পুরস্কার গেছে এই কিংবদন্তির দখলে।

