বিএনপি বিক্ষোভ সমাবেশ থেকে ফজলুল হক মিলনকে আটক

নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় রাজধানীর নাইটিংগেল মোড় থেকে দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে আটক করে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালের দিকে নয়া পল্টনে কার্যালয়ের সামনে থেকে দুই কর্মীকে আটক করা হয়েছে বলেও দাবি করেছে বিএনপি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এই মুহূর্তে ঠিক কতজন তা বলতে পারছি না।’

এই সমাবেশ থেকে কঠোর আন্দোলনের বার্তা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে মির্জা ফখরুল বলেন, ব্যারিকেড দিয়ে আর আন্দোলন থামানো যাবে না। ১৬ কোট মানুষের নয়ন মণি খালেদা জিয়া, মানুষ তাঁকে মুক্ত করতে রাস্তায় নামবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এসরকার বেআইনি, দখলদারী সরকার, জনগণের কোনো ম্যান্ডেট ছাড়া তারা জোর করে ক্ষমতা দখল করে আছে। একদলীয় শাসন কায়েম করতে সমস্ত দমন নিপিড়ন, নির্যাতনের পথ বেছে নিয়েছে। আজ সরকারের উপর জনগণের কোনো আস্থা নেই, আমাদের ২৫ লক্ষ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।’

মির্জা আব্বাস বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শত প্রতিকুলতার মাঝেও আমরা এখানে সমবেত হয়েছি। আমাদেরকে খালেদা জিয়ার প্রতি ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের জেলে নিক, নির্যাতন করুক, গুম খুন করুক কোনো কিছুতেই প্রতিবাদ থামবে না। আমাদের আন্দোলন চলতেই থাকবে।’ আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা মায়ের মুক্তির জন্য সমবেত হয়েছি। মায়ের মুক্তির সংগ্রাম কেউ থামাতে পারে না। কোনো ভাবে বাধাগ্রস্ত করতে পারে না। মায়ের মুক্তি জনগণ, গণতন্ত্র, আইনের শাসন, ও স্বাধীনতার মুক্তি। মায়ের মুক্তির আন্দোলনের আমাদের যোগ দিয়ে মাকে মুক্ত করতে হবে।’

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.