৫ জুন হবে ইতিহাস, বিতরণ হবে ১ কোটি গাছের চারা!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণসহ আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে অধিক পরিমাণে বৃক্ষ রোপণ করা প্রয়োজন। এ লক্ষ্যে জাতির পিতার জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে আগামী ৫ জুন সারাদেশে ৪৮২টি উপজেলায় একযোগে ১ কোটি গাছের চারা বিতরণ করা হবে।

সোমবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাবেক সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী’র বিদায় ও নবনিযুক্ত সচিব জিয়াউল হাসান এনডিসি’র বরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মো. শাহাব উদ্দিন বলেন, সকল প্রকার গাছের চারা বিতরণ করা হলেও দেশীয় ফলজ গাছকে অগ্রাধিকার দেয়া হবে। দেশের মানুষকে বিশুদ্ধ পরিবেশ উপহার দিতে সচেতন সৃষ্টির পাশাপাশি কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।এর অংশ হিসেবে গত একমাসে সারাদেশে ৩৫০টি ইটভাটা ধ্বংস করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আগামী এক বছরের মধ্যে পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার শুন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করবে সরকার।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)’র চেয়ারম্যান জিয়াউল হাসান এনডিসি কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সচিব পদে পদায়ন করা হয়।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.