সাড়ে ৭ লাখ কর্মী বিদেশে পাঠাতে চায় সরকার

চলতি বছর সাড়ে ৭ লাখ কর্মী বিদেশে পাঠাতে চায় বাংলাদেশ সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ বছর বিভিন্ন দেশে সাড়ে ৭ লাখ কর্মী পাঠানোর কথা জানিয়েছে। এছাড়া নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও আরও বেশি কর্মী বিদেশের পাঠানোর আশা করছে মন্ত্রণালয়। রবিবার (৫ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ নতুন বছরে সরকারের শ্রমবাজার পরিকল্পনা নিয়ে অভিবাসন বিষয়ক সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টস (আরবিএম) আয়োজনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানান।

এ সময় এ বছর টার্গেট সাড়ে ৭ লাখ কর্মীকে বিদেশে কর্মসংস্থান করা কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, লক্ষ্যমাত্রা এটা হলেও আমরা বিশ্বাস করি এই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে।’ সদ্য শেষ হওয়া বছরে ৭ লাখ ১ হাজার বাংলাদেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছিল, যা মন্ত্রণালয়ের কর্মী প্রেরণের লক্ষ্যমাত্রার (৬.৫০ লাখ) চেয়ে প্রায় ৫১ হাজার বেশি। তিনি বলেন, ‘বিদেশগামীর সংখ্যা কিছু কমেছে। আমাদের চাহিদা হচ্ছে দক্ষ শ্রমিক, দক্ষ শ্রমিক না নিলে ফেল করবে। টার্গেট হলো দক্ষ শ্রমিক। আমরা দক্ষ শ্রমিক লাখে লাখে কথা বলি কিন্তু দক্ষ হাজারে হাজারে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’

এদিকে মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০১৯ সালে জেলাভিত্তিক সবচেয়ে বেশি বিদেশ গমন করেছে কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, চট্টগ্রাম, টাঙ্গাইল ও ঢাকা এলাকার লোকজন। আর দেশের হিসেবে সর্বোচ্চ সংখ্যক কর্মী গমন করেছে সৌদি আরবে। মিট দ্য প্রেসে সচিব মো. সেলিম রেজা জানান, ২০১৯ সালে মোট কর্মসংস্থানের মধ্যে দক্ষকর্মী ছিল ৪৪ শতাংশ, আধা দক্ষ ছিল ২০ শতাংশ। আর নারী কর্মীর সংখ্যা ছিল ১.১১ লাখ। এ বছরের নানা পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘কম্বোডিয়া, সিশেলস, হারজেগোবিনা, রোমানিয়া, হাঙ্গেরি, পোলান্ড, চীনে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ শুরু করা হয়েছে। এ বছর আরও বেশি পরিমাণে নতুন নতুন দেশে কর্মী প্রেরণে পরিকল্পনা করেছে সরকার। আশা করি ৫ থেকে ৬টি নতুন দেশে শ্রমবাজার খুলতে পারব।’ টার্গেট হিসেবে ইস্ট ইউরোপের দেশগুলোকে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.