ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখছি: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা সিটি নির্বাচনে তাবিথ আউয়ালের পক্ষে, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার দেখেছি তা অভূতপূর্ব। আমরা মনে করি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে অবশ্যই তাবিথ আউয়াল বিপুল ভোটে বিজয়ী হবে। সোমবার (২০ জানুয়ারি) মিরপুরে বাইতুল মোশাররফ জামে মসজিদের সামনে ডিএনসিসিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে নিয়ে গণসংযোগ শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনকে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তির জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জনগণকে এ মুক্তি আন্দোলনে সম্পৃক্ত করতে আমার নির্বাচনে এসেছি। আমরা বিশ্বাস করি, বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তি, এবং জনদুর্ভোগ থেকে ঢাকাবাসীর মুক্তির জন্য তাবিথ আউয়াল যে কর্মসূচী নিয়েছে ঢাকাবাসী সে কর্মসূচীর সঙ্গে একমত হবেন, এ ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তাবিথ আউয়ালের ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ। এ নির্বাচনে গণতান্ত্রিক আন্দোলনকে আরও তরান্বিত করবে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। নির্বাচনের তারিখ পেছানো নিয়ে মির্জা ফখরুল বলেন, ইসি আগে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। তারা সব সময়ই অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, আমরা যখনই প্রচারণা শুরু করি ব্যাপক সাড়া পাচ্ছি। প্রতিদিন পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। আমাদের সাথে জনসম্পৃক্ততা বাড়ছে, আমরা দেখছি জনমত আমাদের পক্ষে রয়েছে, সাধারণ জনগণ পক্ষে রয়েছে। আমরা মনে করি পরিস্থিতি ১ ফেব্রুয়ারি পর্যন্ত এরকম থাকলে, ভোটাররা ভোট দিতে পারলে আমাদের বিজয় সুনিশ্চিত।

তাবিথ আউয়াল বলেন, জাতীয়বাদী দলের বড় চ্যালেঞ্জ হচ্ছে- গণতন্ত্র ফিরিয়ে আনা, সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসা, যেন সব রাজনৈতিক দল জনকল্যাণে কাজ করতে পারে। তিনি বলেন, আমাদেরকে দেশের জন্য কাজ করতে হবে, আগামীতে ঢাকাবাসীকে ঐক্যবদ্ধ করে আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করবো ইনশাআল্লাহ।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.