একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন

 একটি জাতির ওপর যুগের পর যুগ চলে আসা বঞ্চনার অবসান ঘটলো ১৬ ডিসেম্বর ১৯৭১। বিশ্ব দরবারে আত্মপ্রকাশ ঘটলো একটি স্বাধীন রাষ্ট্রের, একটি জাতিরাষ্ট্রের, স্বাধীন বাংলাদেশের। এ রাষ্ট্র গঠনের ভেতর দিয়ে বিশ্ব সভায় নতুনভাবে পরিচিত হলো বাঙালি জাতি। আর এ জন্য ঘরে ঘরে বয়ে যাচ্ছে আনন্দ আর খুশি। সেই খুশি আর আনন্দ কোথায় যেন বাঁধা পাচ্ছে। আনন্দ আর খুশি উৎসবে রূপ পাচ্ছে না। এর কারণ হলো- এই জাতিরাষ্ট্র্রের প্রতিটি পরিবারই কোন না কোনভাবে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ক্ষতির শিকার হয়েছে। অসংখ্য পরিবার যুদ্ধে হারিয়েছে প্রিয়জনকে। অনেক রক্তের বিনিময়ে কিনতে হয়েছে স্বাধীনতা। আরো একটি বড় কারণ হলো- যে মহান নেতা এই জাতিকে মুক্তি স্বাদ দিলেন, সেই নেতা যে এখনও যে শত্রুদেশের কারগারে আটক। সেই মহান নেতা কি ফিরে আসবে তার ভক্ত সাড়ে সাত কোটি মানুষের মাঝে? প্রিয় নেতার মুক্তির প্রশ্নের সঠিক উত্তর জানা ছিল না এ জাতির। তাই বেদনাবিধুর মনে স্বাধীনতাকে বরণ করতে হচ্ছে সকলকে। না, খুব বেশদিন অপেক্ষা করতে হলো না। স্বাধীন দেশের মানুষ ফিরে পেল তাদের প্রিয় নেতাকে। গণঅভ্যুত্থানের মাধ্যমে ১০ বছরের সামরিক শাসনের অবসান ঘটিয়ে নেতা হয়েছিলেন বঙ্গের বন্ধু ‘বঙ্গবন্ধু’। আর বাঙালি জাতির জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে তিনি হলেন এ জাতির পিতা; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই মহান নেতা ফিরে এলেন তাঁর প্রিয় দেশ, প্রিয় মানুষের পাশে ১০ জানুয়ারি ১৯৭২। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করলেও চূড়ান্ত বিজয় স্বাদ পায় প্রিয় নেতাকে দেশে ফেরত পেয়ে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা হিমালয়সম বৃদ্ধি পায়। একটি জাতিরাষ্ট্রের এবং একটি জাতির মুক্তির ত্রাতা হিসেবে বিশ্ব স্বীকৃতি অর্জন করেন তিনি। তাই বাঙালির পাশাপাশি বিশ্বের স্বাধীনতা ও শান্তিকামি মানুষও বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে উঠে। আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করে পাকিস্তান অবশেষে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বঙ্গবন্ধুকে বহন করা বিমান সকাল সাড়ে ৬টায় লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছায়। এরপর তিনি কথা বলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ’র সাথে। পরে ব্রিটেনের বিমান বাহিনীর একটি বিমানে করে পরের দিন ৯ জানুয়ারি দেশের পথে যাত্রা করেন। ১০ জানুয়ারি সকালে তিনি নামেন দিল্লিতে। সেখানে ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ মন্ত্রিসভর সদস্যগণের সাথে। সেখানে ভারত সরকারের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারত সরকার এবং সেদেশের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বঙ্গবন্ধু ঢাকা এসে পৌঁছালে বিশাল জনসমূদ্রের ভালবাসার উষ্ণতায় সিক্ত হন। সারা দেশ থেকে মানুষ ছুটে আসে তাদের প্রিয় নেতাকে একনজর দেখার আকাঙ্খা নিয়ে। আনন্দে আত্মহারা লাখ লাখ মানুষ তেজগাঁও বিমানবন্দর থেকে সোহ্রাওয়ার্দী উদ্যান (তৎকালীন রেসকোর্স ময়দান) পর্যন্ত তাঁকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানায়। বিকাল পাঁচটায় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন। প্রিয় নেতাকে ফিরে পেয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত কওে তোলে বাংলার আকাশ বাতাস। জনগণ-মন-নন্দিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর বক্তৃতায় বলেন,‘যে মাটিকে আমি এত ভালবাসি, যে মানুষকে আমি এত ভালবাসি, যে জাতিকে আমি এত ভালবাসি, আমি জানতাম না সে বাংলায় আমি যেতে পারবো কি-না। আজ আমি বাংলায় ফিরে এসেছি, বাংলার ভাইয়েদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে। আমার বাংলা আজ স্বাধীন, বাংলাদেশ আজ স্বাধীন। তাঁর বক্তব্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করে বলেছিলেন, কবিগুরুর কথা ভুল প্রমাণ হয়েছে। আমার বাঙালি আজ মানুষ হয়েছে। প্রকৃতপক্ষে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পাড়ি দিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীন হয়। পাকিস্তানের শাসন-শোষণ ও অত্যাচার-নির্যাতনের হাত থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ২৫ মার্চ কালরাত্রির পর পরই তার ধানমন্ডির বাসভবন থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এর পর পরই বঙ্গবন্ধুকে পাকিস্তানি সেনাবাহিনী গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে পাকিস্তান নিয়ে যায় এবং কারাবন্দী করে। শুরু হয় বাঙালির সশন্ত্র মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকে। এ সময় বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে বন্দি রেখে তার ওপর মানসিক নির্যাতন চালানো হয়। পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করার নানা পরিকল্পনা তৈরি করে। জেলের মধ্যে অত্যাচার নির্যাতনই শুধু নয়, তাঁকে ফাঁসির মঞ্চেও নিয়ে যাওয়া হয়। কিন্তু দেশে-বিদেশে বঙ্গবন্ধুর জনপ্রিয়তা ও তার অদম্য সাহসের কাছে শেষ পর্যন্ত হারমানে পাকিস্তানের শাসক গোষ্ঠী। এদিকে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতেই বাঙালি জাতি বঙ্গন্ধুর আদর্শে ও নির্দেশিত পথে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যায়। মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর যৌথ প্রতিরোধের মুখে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এবারের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশে প্রত্যাবর্তন ভিন্ন মাত্রা নিয়ে আমাদের মাঝে এসেছে। আগামী ১৭ মার্চ ২০২০ জাতির পিতার জন্মশতবার্ষিকী। সেই জন্মশতবার্ষিকী ক্ষণগণনা শুরু করা হচ্ছে জাতির পিতার স্বদেশে প্রত্যাবর্তন দিবস থেকে। এই দিবস যেমন বাঙালি জাতিকে স্বাধীনতার পরিপূর্ণস্বাদ দিয়েছিল, সেই দিনটি প্রিয় নেতার জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য জাতিকে প্রস্তুত কওে তুলবে। এই দিবস থেকে আমরা মহান নেতার আদর্শ, মহান মুক্তিযুদ্ধেও চেতনায় শাণিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে প্রত্যায়ী হবো।
81406415_3109115255979477_2613700020108525568_n.jpg
কাজী সালমা সুলতানা, রাজনৈতিক গবেষক ও বিশ্লেষক
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.