ইভিএমে আমরা কোন ত্রুটি দেখছিনা – মার্কিন রাষ্ট্রদূত

ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে কোনো ত্রুটি দেখছিনা বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। ঢাকা সিটি নির্বাচনে তার দেশ পর্যবেক্ষক পাঠাবে বলেও জানিয়েছেন তিনি। ঢাকাবাসীকে ভোটে অংশ নিতেও আহ্বান করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূত।

ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এর আগে দুপুর একটার দিকে শুরু হওয়া বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও দুই সদস্য আর সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

ঢাকাবাসীকে সিটি নির্বাচনের ভোটে অংশ নেয়ার আহ্বান জানিয়ে মিলার বলেন, ‘দয়া করে নির্বাচনে অংশগ্রহন করুন। হয়ত কিছু সময়ে নির্বাচন প্রক্রিয়াটি যথাযথ ভাবে কাজ করে না। কিছু সময় এটি গোলযোগ পূর্ন এবং অগোছালোও হয়ে থাকে। তবে নির্বাচন খুবই গুরুত্বপূর্ন প্রক্রিয়া।’

ঢাকা সিটি নির্বাচন নিয়ে ইসির সঙ্গে আলোচনার বিষয়টি উল্লেখ করে মার্কিন দূত বলেন, ‘আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেখতে চেয়েছি। ইভিএম নিয়ে বেশ কিছু শিখেছি। মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে নির্বাচন শান্তিপূর্ন, উৎসব মূখর পরিবেশে, অবাধ এবং গ্রহনযোগ্য হচ্ছে। আমরা আশা করি এটি অংশগ্রহনমূলক হবে।’

ঢাকার নির্বাচন তার দেশ পর্যবেক্ষণ করবে জানিয়ে যুক্তরাষ্ট্রের দূত বলেন, ‘আমরা গত জাতীয় নির্বাচনেও পর্যবেক্ষণ করেছি। পর্যবেক্ষকরা মূলত কূটনৈতিক কোরের সদস্য হবেন। তারা নির্বাচনের দিন গনতান্ত্রিক প্রক্রিয়া দেখবেন।’

বাংলাদেশে ভোট প্রদানের হার প্রায়ই যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি উল্লেখ করে মিলার বলেন, ‘এটি প্রশংসা করার মতো। এটিও বেশ আশাব্যাঞ্জক যে এখানকার রাজনৈতিক দলের পক্ষগুলো একে অপরকে যোগ্য প্রতিপক্ষ হিসেবে দেখছে।’

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.