ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারে হামলা করা হয়েছে বলে অভিযোগ আছে। ইশরাক সেই হামলার কথা তুলে বলেছেন, এবারও যদি হামলা হয় তাহলে মোকাবেলা করা হবে। প্রতিপক্ষকে কোনো ছাড় দেয়া হবে না এবং হামলার জবাব দেয়া হবে। আমরা প্রস্তুত আছি। সোমবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, সন্ত্রাসীরা আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আমাদের সিনিয়র নেতাদের গাড়িবহরে হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ নির্বাচনেও এ ধরনের হামলা হচ্ছে। তবে আমরা এবার প্রতিপক্ষের সব হামলা মোকাবিলা করতে প্রস্তুত আছি।
জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে ইশরাক হোসেন তার গোপীবাগের বাসায় যান। সেখান থেকে চতুর্থ দিনের মতো গণসংযোগে নামার আগে তিনি সাংবাদিকদের বলেন, ফিল্ড একটা তৈরি হয়েছে, সেটা ভোট ডাকাতির, ভোট কারচুপির। প্রতিপক্ষকে দমন করার একটা ফিল্ড তৈরি করা হচ্ছে। এটাকে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কি-না, জানি না।
শুদ্ধস্বর/আইকে

