(Magpie-robin) বাংলাদেশের জাতীয় পাখি। এ পাখি Passeriformes বর্গের অন্তর্গত Muscicapidae গোত্রের সদস্য। সাদা-কালোয় সজ্জিত বুলবুল আকৃতির খাটো লেজবিশিষ্ট এ পাখির বৈজ্ঞানিক নাম Copsychus saularis. বাংলাদেশে প্রায় সব জায়গায় দোয়েল দেখতে পাওয়া যায়। পুরুষ দোয়েলের উপরিভাগ চকচকে নীলাভ-কালো। ডানা স্পষ্ট সাদা লম্বা দাগসহ কালচে বাদামি রঙের ও লেজ কালো তবে প্রান্তঅংশ সাদা। বাংলাদেশকে বলা হয় পাখির দেশ, গানের দেশ। গাছের ডালে ডালে পাখির কলকাকলিতে সবসময় মাতোয়ারা থাকতো গ্রাম-বাংলার প্রকৃতি। এক সময়ে গ্রাম-গঞ্জের মাঠে-ঘাটে, বনে-জঙ্গলে, গাছে গাছে জাতীয় পাখি দোয়েলসহ বিভিন্ন ধরনের পাখি দেখা যেত। কিন্তু কালের আবর্তে এখন আর চিরচেনা সেই দোয়েল পাখি আর দেখা যায় না। পাখির কলরব বনে জঙ্গলে গাছে পাখি দেখার সেই অপরূপ দৃশ্যপট পাল্টে যাচ্ছে। এখন আর চোখে পড়ে না। বনাঞ্চলের পরিবেশ দূষণ, নির্বিচারে গাছ কাটা, জমিতে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার, পাখির বিচরণ ক্ষেত্র ও খাদ্য সঙ্কট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিলুপ্তির পথে দোয়েলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন পাখি।
একসময় গ্রামবাংলায় পাখির সুমধুর ডাকে বাংলার মানুষের ঘুম ভাঙলেও গ্রাম-বাংলার আনাচে-কানাচে আগের মতো আর পাখির ডাক শোনা যায় না। এছাড়াও বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে বিভিন্ন কারণে। এসব গাছগুলো পাখিদের নিরাপদ আবাসস্থল হিসেবে কাজ করে থাকে। পাখির আবাসস্থল নির্বিচারে ধ্বংস ও বিভিন্ন ফসলের ক্ষেতে কীটনাশক দেয়ার প্রভাবে এসব পাখি আজ বিলুপ্ত প্রায়। বিশেষ করে জাতীয় পাখি দোয়েলসহ আরো অনেক পাখি আর সচরাচর দেখা যায় না। শোনা যায় না এসব পাখির মধুর ডাক। উড়তে দেখা যায় না আর মুক্ত নীল আকাশে। বর্তমান সময়ের ছেলেমেয়েরা এসব পাখি হয়তো চোখেই দেখেনি, অনেকেই এসব পাখির নামও জানে না। ফলে তরুণ প্রজন্মের কাছে এসব পাখি হয়ে যাচ্ছে গল্প আর ইতিহাস। এমনকি আমাদের জাতীয় পাখি দোয়েল পাখিকেও ছবি অথবা বই দেখে চিনতে হয় শিশু-কিশোরদের। এ প্রজন্মের অনেক শিশু-কিশোর কখনো দেখেনি মুক্ত আকাশে উড়ন্ত এসব নামকরা পাখি, শোনেনি এসব পাখির ডাকও। বাংলার এসব ঐতিহ্যবাহী পাখিগুলো এভাবেই মানুষের অজান্তেই হারিয়ে যাচ্ছে দিনকে দিন।
এ পাখি এখন যেন চোখের আড়ালে। সচরাচর আর দেখা যায় না দোয়েলকে। ঝোপঝাড়ে, রাস্তার পাশে, অফিস বা বাড়ির ছাদে জাতীয় পাখি দোয়েলের ছুটে চলা এখন আর চোখে পড়ে না। শোনা যায় না দোয়েল পাখির সুমিষ্ট কণ্ঠ। । সাদা আর কালো রংয়ের ছোট দোয়েল পাখির সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িয়ে রয়েছে। এক সময় গ্রাম-বাংলার মানুষের ঘুম ভাঙতো পাখিদের কলকাকলিতে কিন্তু সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাম-বাংলা থেকে শূন্য হয়ে যাচ্ছে দেশীয় এসব পাখি। সকাল হলেই আগের মতো এখন আর দোয়েলের চি চি শব্দ শোনা যায় না বললেই চলে।
যে পাখিকে সব সময় মানুষের সান্নিধ্যে থাকতে দেখা যেত, মাটিতে লাফিয়ে লাফিয়ে খাদ্য সংগ্রহ করতো, কালের পরিক্রমায় সে আজ প্রায় বিলুপ্তির পথে। শুধু তাই নয়, বৃক্ষনিধনের পাশাপাশি পাখি শিকার বিষয়ে আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ হচ্ছে না। এটা কারো চোখেও পড়ছে না। ফলে প্রকৃতি থেকে দিন দিন হারিয়ে যেতে বসেছে চিরচেনা দেশীয় এসব পাখিগুলো।

জসিম উদ্দিন

