যে শিল্প শ্রমিকের মৌলিক অধিকারের চাহিদা পূরণ করতে পারেনা, যে শিল্প শুধু ধনীদের সম্পদ আর জৌলুস বৃদ্ধির জন্য, সে শিল্পের টিকে থাকার কোন মানে নেই, এটা আমার নিজস্ব মতামত। সূত্র মতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পর গ্রার্মেন্টস সেক্টর হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রফতানী আয়ের উৎস। “ঢাকা টাইমস” এর সূত্র মতে, সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে রেডিমেড গার্মেন্টস পণ্য রপ্তানি আয় ৮.৭৬ শতাংশ বেড়ে ৩০.৬১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এই শিল্পের সাথে সরাসরিভাবে জড়িত রয়েছে প্রায় ৪০ থেকে ৪২ লক্ষ শ্রমিক। আর এই বিপুল শ্রম শক্তির অধিকাংশই হচ্ছেন নারী শ্রমিক।

এখন কথা হচ্ছে এই শ্রমিক সমাজ যারা আজ বাংলাদেশকে ঠেলে সামনের দিকে নিয়ে যাচ্ছে তারা সত্যিকার অর্থে কেমন আছে?কেমন তাদের জীবন মান?এ প্রসঙ্গে “ডয়েচে ভেলে”এর এক রিপোর্টে দেখা যাচ্ছে, বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কর্মরত নারী শ্রমিকদের শতকরা প্রায় ১৩ ভাগ যৌন হয়রানীর শিকার৷ শারীরিক নির্যাতনের শিকার ২০ ভাগ৷ মানসিক নির্যাতনের শিকার ৭১ ভাগেরও বেশি৷ আর এই নির্যাতনকারীর ভূমিকায় শীর্ষে রয়েছেন গার্মেনটসের সুপারভাইজারার৷ তাছারা শ্রম আইনের লঙ্ঘন করে শতকরা ৫০ ভাগকে ৯ থেকে ১০ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হয়৷ আর ৫০ ভাগ ১০ ঘণ্টারও বেশি৷ ওভারটাইম করা বাধ্যতামূলক এবং তা দিনে দুই ঘণ্টারও বেশি৷ বিশ্রামের কোনো সুযোগ পান না ৭০ ভাগ শ্রমিক৷ ২৫ দশমিক ৩ ভাগ সাপ্তাহিক ছুটি পান না৷ মুলত সস্তা শ্রম ও জবরদস্তী মুলক অতিরিক্ত কাজ করতে বাধ্য করানোর উপর টিকে আছে এই শিল্প।
কথা হচ্ছে এতো কিছুর পরেও আমাদের এই গার্মেন্টস শ্রমিক ভাই-বোনেরা বেতন পাচ্ছে কেমন? যা পাচ্ছে সেটাকি ন্যায়সংগত ও তাদের জীবন ধারনের জন্য পর্যাপ্ত? এ শিল্প থেকে মালিক পক্ষ সীমাহীন মুনাফা করলেও সাধারন শ্রমিকদের অসুস্থতাজনিত বা অন্য কোন অনিবার্য কারণে একদিন হাজির না থাকলেও বেতন কেটে নেয় এবং হাজির না থাকার কারণে বেতন আটকে রাখে। স্থায়ী নিয়োগ দেওয়া হয় না। বিশেষ কোনো কারণে কোনো শ্রমিক পরপর কয়েকদিন হাজির না থাকলে ছাঁটাই করে অথবা নতুন করে নিয়োগ দেয়, যাতে পুরনো শ্রমিকের সুবিধা (ঈদ বোনাস ইত্যাদি) ভোগ করতে না পারে। রাত ৮/১০টা পর্যন্ত কাজ করতে বাধ্য হলেও খাতায় হাজিরা তোলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এটা করে বিদেশী বায়ারদের চোখ ফাঁকি দেয়ার জন্য। বাস্তবে বিদেশী বায়াররাও যে এই ফাঁকিবাজী জানে না বা বোঝে না তা নয়! মালিকদের ইচ্ছা-খুশিমত ছাঁটাই করে, ছাঁটাই করার সময় পাওনা বেতন-ভাতা দেয়া হয় না। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি দেয়া হয় না অধিকাংশ গার্মেন্টসে। প্রসবকালীন তাদের চাকরী হারাতে হয়। অধিকাংশ কারখানায় সন্তান প্রতিপালনের জন্য কোনো ডে-কেয়ার সেন্টার নেই। ৮ ঘণ্টা শ্রম দিবসের স্বীকৃতি থাকলেও গার্মেন্টস শ্রমিকদের শ্রম করতে হয় দৈনিক ১২/১৪/১৬ ঘণ্টা। এ ছাড়া হোল নাইটও করতে হয় বাধ্যতামূলক। ওভার টাইম মজুরী দ্বিগুণ করার আইন থাকলেও তা দেয়া হয় না। অবস্থা এমন যে আমরা যেন এখনো দাস প্রথার যুগে বাস করছি। আর এই ব্যাবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই গুন্ডা ও পুলিশ লেলিয়ে দিয়ে রোধ করাহয় প্রতিবাদী কন্ঠ।
গার্মেনটস শিল্পটি আমাদের মত জনবহুল দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জন্য একটি কল্যাণকর শিল্প অবশ্যই । তবে আমরা সাধারণ জনগণ চাইবো এই শিল্পটি দেশের আর্থসামাজিক ও শ্রমিক স্বার্থের কথা ভেবেই সঠিক পথে পরিচালিত হোক এবং শিল্পটির সম্মিলিত উন্নয়ন হোক, সকল শ্রমিকদের কল্যাণের কথা ভেবেই একসাথে এগিয়ে যাক। মনে রাখা ভালো বিনা শ্রমিকে শিল্প চলে না, অন্যদিকে শ্রমিকদের যদি ভালো রাখা যায়, সেই শিল্প পতিতও হয় না। কথাটি বলার কারণ, পত্র পত্রিকায় আজকাল গার্মেনটস শিল্প ধীর গতিতে নিম্নগামী বলেই প্রচারিত হচ্ছে। সুতরাং সময়েই সাবধান ।

তাকি নাজিব।

