সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে জ্বালাও-পোড়াও অব্যাহত আছে। এই আইন বাতিলের দাবিতে গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) টানা পঞ্চম দিনের মতো রাজধানী নয়াদিল্লিসহ চেন্নাই, মুম্বাই, হায়দারাদ, বেঙ্গালুরু, লাখনউ ও পশ্চিমবঙ্গের রাজপথে বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ। কোথাও কোথাও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষও হয়েছে তাদের। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে শরণার্থী হিসেবে যাওয়া হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি-এই ছয় ধর্মে বিশ্বাসী মানুষকে নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যে এই বিল করা হয়। বিলে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মুসলমানদের। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে ভারতের নাগরিকত্বের আবেদন করার আগে ১১ বছর দেশটিতে থাকার শর্ত উল্লেখ করা হয়েছিল। এই সুযোগ মুসলমানদের জন্যও অবারিত ছিল। কিন্তু সংশোধিত বিলে মুসলমানদের বঞ্চিত করা হয়েছে।
বিলটি পার্লামেন্টে তোলার পর থেকেই মূলত এর বিরোধিতা শুরু হয়। অবশ্য এখন যে ভারত অগ্নিগর্ভ হয়ে উঠেছে তার সূত্রপাত আসামের নাগরিক পঞ্জির মধ্য দিয়ে। বিক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে গত সপ্তাহে সংশোধিত নাগরিকত্ব আইন পাস হওয়ার পর। আসামে নাগরিক তালিকা থেকে বাদ পড়ে ২০ লাখ মানুষ, যাদের বেশির ভাগই মুসলমান। হিন্দু ধর্মের অনেকেই ছিল; কিন্তু তাদের সুরক্ষার জন্যই মূলত নাগরিক আইন (এনআরসি) সংশোধন করে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। সংশোধিত আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যেসব হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা পার্সি ধর্মের লোকজন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করেছে, তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। সমালোচকরা বলছেন, মূলত ২০ কোটি মুসলমানকে নিশানা বানিয়েই মোদি সরকার এসব এজেন্ডা বাস্তবায়ন করছে।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুরুতে আসামে বিক্ষোভ শুরু হলেও পর্যায়ক্রমে তা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয়জনের। আহত হয়েছে শতাধিক। আন্দোলনের রাশ টানতে অনেক রাজ্যে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার। অবশ্য আসামের বেশির ভাগ রাজনৈতিক দল কোনো ধর্মের লোককেই নাগরিকত্ব দেওয়ার পক্ষে নয়। বিলটিতে মুসলিমবিদ্বেষের কথা অস্বীকার করে নরেন্দ্র মোদি বলছেন, সংশোধিত নাগরিকত্ব আইন ‘শতকরা এক হাজার ভাগ নির্ভুল’। গতকাল এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে ভারতীয়দের বলতে চাই, সংশোধিত নাগরিকত্ব আইনের কারণে কোনো ধর্মের মানুষই আক্রান্ত হবে না। এ নিয়ে কারো চিন্তিত হওয়ার কিছু নেই। আইনটি শুধু তাদের জন্যই সংশোধন করা হয়েছে, যারা ভারতের বাইরে নির্যাতনের শিকার এবং যাদের ভারত ছাড়া কোথাও আশ্রয়ের জায়গা নেই। ফলে এখন শান্তি বজায় রাখার সময়।’
একই দিন কংগ্রেসের সাবেক প্রধান রাহুল গান্ধী টুইট বার্তায় সংশোধিত নাগরিকত্ব আইনকে ফ্যাসিবাদী বলে মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, ভারতীয়দের মধ্যে মেরুকরণ সৃষ্টি করতেই নাগরিকত্ব আইন সংশোধন করা হয়েছে। এদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অব্যাহত বিক্ষোভের মুখে বন্ধ ঘোষণা করা হয়েছে উত্তর প্রদেশের খ্যাতনামা ‘আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়’। এর আগে সেখানে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজপথে নামে হাজার হাজার বিক্ষোভকারী। এর মধ্যে জোড়াসাঁকোয় এক বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন মমতা। সেখানে তিনি বলেন, ‘জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সাক্ষী রেখে কয়েকটা কথা বলতে এসেছি। বিজেপি ক্ষমতায় এসে নিজেদের আকাশের চেয়েও বড় ভাবছে। হিন্দুস্তান হমারা হ্যায়।’ তিনি বলেন, ‘এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত বাংলায় প্রতিবাদ ও আন্দোলন চলবে। কাউকে বাংলা ছাড়তে দেব না। বাংলায় এনআরসি-ক্যাব হতে দিচ্ছি না, দেব না।’ তিনি আরও বলেন, ‘এ রাজ্যে নাগরিকত্ব আইন কিংবা এনআরসি প্রয়োগ করতে গেলে আমার লাশের ওপর দিয়ে করতে হবে।’
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, অশান্তি থামার কোনো লক্ষণ নেই। রাজধানীর আন্দোলন ক্রমে আরো জমাট বাঁধছে। জামিয়া মিলিয়ার প্রতিবাদী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াচ্ছেন সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের সমর্থনে ইন্ডিয়া গেটের সামনে দুই ঘণ্টার প্রতীকী ধরনায় বসেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। এদিকে দাঙ্গা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আদেশ দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদে। চলমান সহিংসতা বন্ধে আদালতের হস্তক্ষেপ চেয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘হিংসা যদি এভাবেই চলতে থাকে এবং সরকারি সম্পত্তি যদি এভাবে নষ্ট করা হয়, তাহলে এই বিষয়টি শুনবে না আদালত। কেন সম্পত্তি নষ্ট করা হচ্ছে? বাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে! যাঁরা এসব অশান্তি করছেন, আগে তাঁরা এসব বন্ধ করুন।’

