কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তা কর্মী আলী হোসেন (২৯) নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার ভৈরব রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে রাত সাড়ে ৭টায় ভৈরব রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। আজ বুধবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়।
এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করে পুলিশ।
নিহত আলী হোসেন বাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মধ্যপাড়া গ্রামের নাসির মিয়ার ছেলে। তিনি আশুগঞ্জ খাদ্যশস্য সাইলোর নিরাপত্তা কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টায় ভৈরব রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় আলী হোসেন চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে চাকার নিচে কাটা পড়ে। এতে তার শরীর দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ভৈরব রেলওয়ে থানার ওসি মো. ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, চলন্ত ট্রেন থেকে ওই যাত্রী ভৈরব রেলওয়ে স্টেশনে নামতে গিয়ে কাটা পড়ে মারা যান। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
শুদ্ধস্বর/আইকে

