ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় ট্রেন দুর্ঘটনাস্থলে গেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুর্ঘটনার খবর পেয়ে মন্ত্রী মন্দবাগের উদ্দেশে রওনা দেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম।
এদিকে এই ঘটনায় সারাদেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে রিলিফ ট্রেন। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
স্থানীয়রা আভিযোগ তুলছে, এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তূর্ণার চালক সিগনাল অমান্য করায়। তূর্ণার যাত্রী কাজী ফজলে রাব্বী সাংবাদিককে বলেন, ২টা ৫৬ মিনিটে ভয়াবহ ঝাঁকুনির পর ট্রেন থেমে যায়। তারপর তিনি নেমে দেখেন ভয়াবহ দৃশ্য।
মন্দবাগ স্টেশনের মাস্টার জাকির হোসেন চৌধুরী বলেন, তূর্ণার চালক তথা লোকো মাস্টারকে ট্রেন থামানোর জন্য আউটার ও হোম দুই স্থানেই লাল বাতি সংকেত দেওয়া হয়েছিল। কিন্ত চালক ট্রেন দাঁড় করাননি বলেই এ দুর্ঘটনা ঘটে।
ট্রেন কর্মকর্তারা জানান, উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথার মধ্যে এ সংঘর্ষ ঘটে চলন্ত অবস্থায়। উদয়নকে লুপ বা সাইড লাইনে যখন পাঠানো হচ্ছিল তখন এর পেছনের তিনটি বগি মূল লাইনে থাকতেই ঢাকাগামী তূর্ণা চলে আসে এবং এ সংঘর্ষ ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক বলেন, এ পর্যন্ত ১৫ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। ৯ জনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে, বাকি ৬ জন বিভিন্ন হাসপাতালে মারা যায়। আহত এ পর্যন্ত ৭৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
শুদ্ধস্বর/আইকে

