বশেমুবিপ্রবি’তে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে নাগরিক ছাত্র ঐক্যের সংহতি প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে এবং তাদের উপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের লেলিয়ে দেয়া গুন্ডা বাহিনীর হামলার প্রতিবাদে আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে নাগরিক ছাত্র ঐক্য। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় ছাত্রদের উপর হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে প্রেসক্লাবের সামনে থেকে মশাল মিছিল করে সংগঠনটি। মানববন্ধন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করেন বক্তারা। নাগরিক ছাত্র ঐক্যের আহবায়ক সাকিব আনোয়ার তার বক্তৃতায় বলেন, ‘৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ অবধি শত দমন-পীড়ন করেও বাংলার ছাত্রসমাজকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। বাংলার ছাত্র সমাজের হাত ধরে এদেশ যেমন স্বাধীন হয়েছে তেমনি তাদের হাত ধরেই নব্বইয়ে গণতন্ত্র মুক্তি পেয়েছে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, এ ধরনের নিপীড়ন যদি এই মুহূর্তে বন্ধ করা না হয় তাহলে গোপালগঞ্জ থেকেই এই সরকারের পতনের বীজ রোপিত হবে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ এবং ছাত্রলীগের যে সকল নেতাদের ঈদের সেলামি হিসেবে কোটি টাকা দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানান। ছাত্রদের উপর নিপীড়ন বন্ধ করা না হলে এবং সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে ছাত্রসমাজ দাবি না জানিয়ে পদত্যাগ করিয়ে ছাড়বে এবং অন্যায়ের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি সরকারকে হুশিয়ারি দেন। নাগরিক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোশাররফ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ, মোঃ আল-আমিন, সাবেক কমিটির সদস্য খলিলুর রহমান সহ আরো অনেকে।
শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.