“আসল হও, কাউকে নকল কোরো না, রানু প্রতি লতা মঙ্গেশকর

বেশ কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ রানু মণ্ডলের গলাকে তুলনা করা হচ্ছিল লতা মঙ্গেশকরের সঙ্গে। রানুর গলায় লতার গান ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’ ভাইরাল হওয়ার পরেই অধিকাংশের দাবি ছিল এমনটাই।

কিন্তু লতার মতো একজন লেজেন্ড-এর সঙ্গে তুলনা কি আদৌ যৌক্তিক? প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে। এবার তা নিয়ে মুখ খুললেন স্বয়ং লতা মঙ্গেশকর।

সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে লতা বলেন,“যদি আমার নাম এবং কাজের সৌজন্যে কারও ভাল হয়, তবে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। কিন্তু, আমি মনে করি কাউকে নকল করা কখনও স্থায়ী এবং নির্ভরযোগ্য সমাধান হতে পারে না।”

লতার বক্তব্য, “আমার, কিশোরদার অথবা মুকেশ ভাইয়ের গান গেয়ে উঠতি গায়কেরা সাময়িক খ্যাতি পেতে পারে। কিন্তু তার স্থায়িত্ব বড় কম।”

রিয়েলিটি শো-তে যে সমস্ত উঠতি গায়ককে দেখা যায় তাঁদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত তিনি। বলছিলেন, “অনেক বাচ্চা রয়েছে যারা আমার গান খুব সুন্দর গায়। কিন্তু কত জন তাঁদের মনে রাখে বলুন তো? প্রথম সাফল্য পাওয়া সহজ। কিন্তু তা ধরে রাখাই আসল। আমার চেনা শুধু মাত্র সুনিধি এবং শ্রেয়া ছাড়া আর কাউকেই কি সে ভাবে মনে রেখেছে কেউ?”

তাঁর পরামর্শ: “আসল হও। কাউকে নকল কোরো না। যদি আশা নিজের স্টাইলে গান না গেয়ে আমাকে নকল করত তবে সে-ও আজ আশা হত না।”

শুদ্ধস্বর/ বিটি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.