কথায় বলে তাস মানে নাশ। অথচ এই তাস খেলেই আজ বিশ্ব জয়ের স্বপ্ন দেখছে এক ঝাঁক তরুণ বাংলাদেশী। তাস যারা খেলে থাকেন তারা বলতে পারেন এই খেলাটা যেমন উপভোগ্য তেমনি মেধার ব্যবহার আছে এই খেলায়। বলা হয়ে থাকে ৫২ কার্ডের ৫৩ রকমের খেলা আছে। সত্যিই তাসের আছে অনেক রকমের খেলা। তবে বিশ্বব্যাপী জাঁকজমকভাবে খেলা হয়ে থাকে “ডুপ্লিকেট ব্রীজ”। এই ডুপ্লিকেট কোন নকল কিছু না। সবগুলো দলের জন্য একই কার্ডের খেলা একসাথে চলতে থাকে এবং প্রতিপক্ষের কার্ড সেট দিয়েই ভিন্ন টেবিলে নিজ দলের খেলোয়াড় খেলে থাকেন তাই ভাগ্যের উপর এই খেলা কোন রকম নির্ভর করেনা বরং দলের প্রত্যেকটা সদস্যের নিজেদের বোঝাপড়া আর মেধাকে কাজে লাগিয়ে খেলা হয়ে থাকে এই খেলা। বিশ্বের বেশিরভাগ উন্নত দেশগুলোর মত বাংলাদেশেও চলছে এই খেলা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ মেধাবী ছাত্ররা খেলছে এই খেলা। অংশগ্রহণ করছে দেশ বিদেশের বড় বড় সব টুর্নামেন্টে। এবার এই খেলা খেলতে দিল্লি যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্র-ছাত্রী। ১৭ তম এইচসিএল-এ টিম “ব্রেইন টেস্ট” নামের এই টিমটা বাংলাদেশের প্রথম মিক্সড টিম (ছেলে-মেয়ের টিম) হিসেবে খেলতে যাচ্ছে দেশের বাইরে কোন দেশে। ব্রেইন টেস্টের অধিনায়ক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের ছাত্র মেহেদী হাসান, সহ-অধিনায়ক হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের ছাত্র তরিকুল ইসলাম তারেক। এছাড়া টিমের অন্যান্য সদস্যদের মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র আল-হেলাল, ফার্মেসী অনুষদের সুমাইয়া আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের মাসুম বিল্লাহ তাহসান ও নাজমুল হক। টিমের প্রত্যাশা সম্পর্কে জিজ্ঞাসা করে অধিনায়কের কাছ থেকে পাওয়া যায়, “আমরা প্রায় ২ বছর যাবত একসাথে খেলছি, চেষ্টা করে যাচ্ছি নানা প্রতিকূলতার মধ্য দিয়েও। অন্য সকলের মত পরিবারের অনেকেই তাস খেলাটাকে ভালভাবে নিতে পারেনি। কিন্তু আমরা হতাশ না হয়ে চেষ্টা করে যাচ্ছি। দেশের প্রতিনিধিত্ব সব সময় একটা স্বপ্নের মত ব্যাপার। আমাদের জন্য দোয়া করবেন।“ সহ-অধিনায়ক তারেক বলেন, “ছাত্র অবস্থায় অনেক সময়ই আসলে নষ্ট করে ফেলেছি এটাসেটা করে। কিন্তু একটা সময় পর যখন ব্রীজ খেলাটা শিখলাম তখন বুঝলাম স্বপ্ন কি জিনিস, লক্ষ্য কি জিনিস। ক্যারিয়ারের পাশাপাশি ব্রীজ খেলার মত বিনোদন, প্রতিযোগিতা আমাদের জীবনকে আরো অর্থবহ করে তুলেছে নিঃসন্দেহে। আমরা ভাল কিছু করার ব্যাপারে আশাবাদী।“

