চেতনার ডিলারশিপ এবং বর্তমান প্রজন্ম

 ইতিহাস, রাজনীতি একটু আধটু বুঝতে শুরু করার পর থেকেই যে টার্মটা শুনে আসছি, সেটা হল স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের চেতনা। রাজনৈতিক মেরুকরণে বিভিন্ন সময়ে একে অন্যকে ঘায়েল করতে আলাদা আলাদা ইস্যু সামনে আসলেও চেতনা নামের মহৌষধ সবসময়ই ছিল। এই চেতনা ট্যাবলেট খেয়ে দিব্যি আরামে ঘুমিয়ে আছে আমাদের বুদ্ধিজীবী, সুশীল, কুশীল, সাধারণ মানুষ ৪৮ বছর ধরে; প্রজন্ম থেকে প্রজন্মে। কদিন আগে বাংলা ট্রিবিউনে ডা. জাহেদ উর রহমানের একটা কলাম পড়লাম। তিনি ইউভাল নোয়া হারারি’র ‘সেপিয়েন্স: অ্যা ব্রিফ হিস্ট্রি অব হিউম্যানকাইন্ড’ বইয়ের উদ্বৃতি দিয়ে মানুষের বয়ান (স্টোরি) তৈরির ক্ষমতার কথা বলেছেন। হারারি বলেন, বিবর্তনের একটা পর্যায়ে এসে মানুষ বয়ান তৈরি করার ক্ষমতা অর্জন করে। কোনও একজন মানুষ যদি একটা গ্রহণযোগ্য বয়ান তৈরি করতে পারে এবং সে যদি সক্ষম হয় তাহলে আরও অনেক মানুষকে সেই বয়ানের সমর্থনে নিয়ে আসতে পারে। বয়ান বিশ্বাস করিয়ে মানুষকে সংগঠিত করে অসাধারণ সব কাজ করানো যায়। আবার পৃথিবীর যাবতীয় ধ্বংসাত্মক কাজও হয়েছে বয়ান সামনে রেখে। হারারি বলেন, সব রাজনৈতিক ব্যবস্থা (যেমন, গণতন্ত্র, সমাজতন্ত্র), বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এমনকি রাষ্ট্র নিজেই একটা গল্প। আমাদের দেশের স্বাধীনতা এবং রাজনৈতিক ইতিহাসটা মূলত বয়ানতত্ত্বের উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশের স্বাধীনতা এসেছে সুদীর্ঘ সংগ্রাম ও একটি সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে। এই সুদীর্ঘ সংগ্রামের মাধ্যমেই একাত্তরে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিয়েছে বাঙালি জাতিরাষ্ট্র-বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস জানার প্রধান অন্তরায় হচ্ছে সুদীর্ঘ সংগ্রামের সময়কে সচেতনভাবে আড়াল করা। আমরা আমাদের স্বাধীনতার সংগ্রামকে মূলত নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। বিষয়টিকে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল এড়িয়ে গিয়েছে সচেতনভাবেই। কেননা ২২ মার্চ ১৯৭১ পর্যন্ত প্রাদেশিক স্বায়ত্তশাসন তথা ছয় দফা এবং সত্তরের নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে সংসদ গঠনের বিষয়ে শেখ মুজিব এবং ইয়াহিয়ার বৈঠক অব্যাহত ছিল। এমনকি ২৪ মার্চ সন্ধ্যা ছয়টায় আওয়ামী লীগের আলোচক দল ইয়াহিয়ার উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেন এবং ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বশেষ প্রস্তাব দেয়া হয়েছিল, দেশের নাম হবে “কনফেডারেশন অব পাকিস্তান”। অন্যদিকে আরেকটি প্রধান রাজনৈতিক দল বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাদপ্রদীপের আলোয় এসেছিলেন ২৭ মার্চ ১৯৭১ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধে যার প্রভাব ছিল সুদূরপ্রসারী। সুতরাং উভয় পক্ষই স্বাধীনতা সংগ্রামকে নয় মাসের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছে। তারা যে যার মত একটা করে বয়ান তৈরি করেছে। এক্ষেত্রে আওয়ামী লীগ তাদের বয়ানকে বিশ্বাসযোগ্য করে তুলতে সক্ষম হয়েছে। সুতরাং এখন পর্যন্ত ডিলারশিপ তাদের কাছেই আছে। বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পেরেছে বললে আসলে ভুল হবে। দোষটা তাদের চেয়ে আমাদের বেশি। আমাদের প্রজন্মের সমস্যা টা হচ্ছে কৌতুহল এবং জানার ইচ্ছার অভাব। ছোটবেলা থেকে সাধারণ জ্ঞান হিসেবে আমাদের পড়ানো হয় – “বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। তিনি ১৯৭২ সালে জাতীয় পতাকার ডিজাইন করেন।” আমরা পড়েছি এবং সাথে সাথে কয়েকশ বার ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে এই পতাকাটা-ই (মানচিত্র সম্বলিত) উড়তেও দেখেছি। তবু মনে কোন প্রশ্ন আসেনি ৭২ সালের ডিজাইন করা পতাকা টাইম ট্রাভেল করে কিভাবে পেছনে । একই ভাবে আমরা জানার প্রয়োজন বোধ করিনি যে জয় বাংলা স্লোগান টাই বা কোত্থেকে এল। আগরতলা ষড়যন্ত্র মামলা যে ষড়যন্ত্র মূলক মামলা নয়, মামলার নাম-ই ষড়যন্ত্র মামলা (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য), এটা ছাত্রলীগের অনেক তুখোড় নেতারও অজানা। যে দেশের স্বাধীনতা স্বশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে আসে, সে দেশে স্বাধীনতার চেতনার মালিক দেশের জনগণ। জনগণ দুই দলের মধ্যে টেন্ডারে আওয়ামী লীগকে ডিলারশিপ দিয়ে দিয়েছে। তবে টেন্ডার সিডিউল তারা ভাল পূরণ করেছে – বলাই বাহুল্য।
বাংলাদেশের স্বাধীনতার রূপকার বলা হয় সিরাজুল আলম খানকে। তিনি ১৯৬৩ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে বিকশিত করে বাঙালির স্বাধীন জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে ’৬২ সালে ছাত্রলীগের অভ্যন্তরে যে নিউক্লিয়াস গড়ে উঠে তিনিই ছিলেন তার মূল উদ্যোক্তা। এই নিউক্লিয়াসের সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদ। তারপর মুক্তিযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত এই নিউক্লিয়াসের মাধ্যমে সকল কর্মকাণ্ড পরিচালনা করেন। মূলত তার আপসহীন মনোভাবের কারণেই ৬ দফা আওয়ামী লীগে গৃহীত হয়। তিনিই শেখ মুজিবের কাল্ট প্রতিষ্ঠা করেন।

আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিল ও শেখ মুজিবের মুক্তির দাবিতে আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিকদের সম্পৃক্ত করতে প্রধান ভূমিকা পালন করেন তিনি। তার উদ্যোগেই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।

১৯৬৩-’৬৪ এবং ১৯৬৪-’৬৫ এই দুই বছর তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬২ সালে গঠিত নিউক্লিয়াস স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামেও পরিচিত ছিল। ১৯৬২-’৭১ পর্যন্ত ছাত্র আন্দোলন, ৬-দফা আন্দোলন, ১১-দফা আন্দোলন, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন, ৬৯ এর গনুঅঅভ্যূত্থান, জহুর/জয় বাংলা বাহিনী গঠন, জাতীয় পতাকা ডিজাইন, জয় বাংলা শ্লোগান প্রবর্তন, জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার ইশতেহার পাঠ, ৭ ই মার্চের ভাষণে “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”- লাইন দুটি সংযোজন, ২৩ মার্চ পাকিস্তান দিবস পালনের পরিবর্তে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন – এই সবকিছুই সিরাজুল আলম খানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংঘটিত হয়।

১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস পালন উপলক্ষে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ১৫-১৭ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। ১৫ সেপ্টেম্বর মধুর ক্যান্টিনের পাশে সবুজ লনে সভা চলাকালীন তৎকালীন সেরাজপন্থী ছাত্রলীগের আফতাব উদ্দিন আহমেদ ‘জয় বাংলা’ স্লোগান দেন। সঙ্গে সঙ্গে ইকবাল হলের (পরবর্তীতে সার্জেন্ট জহুরুল হক হল) ছাত্র চিশতী শাহ হেলালুর রহমান, রায়হান ফেরদৌস মধুসহ পাচ-ছয় জন চিৎকার দিয়ে ‘জয় বাংলা’ বলে স্লোগানের উত্তর দেন। ৭০ এর ১১ জানুয়ারি পল্টনে আওয়ামী লীগের জনসভা ছিল। বিজ্ঞাপনী’র কামাল আহমেদের ডিজাইন করা ‘জয় বাংলা’ লেখা একটা ব্যানার ঝোলানো ছিল মঞ্চের সামনে। মঞ্চ থেকে সেরাজুল আলম খান প্রকাশ্য সমাবেশে প্রথমবারের মত কয়েকবার জয় বাংলা স্লোগান দেন। তবে এদিন আওয়ামী লীগের কোন নেতা তার ভাষনে জয় বাংলা উচ্চারণ করেননি।

৬৬ সালে শেখ মুজিব জেলে যাওয়ার পর অধিকাংশ আওয়ামী লীগ নেতা ছয় দফার বিরোধিতা করে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টে যোগ দেয়। স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ এবং চট্টগ্রামের এম এ আজিজের বলিষ্ঠ ভূমিকার কারণে আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছয় দফা পন্থীদের পক্ষে শক্ত অবস্থান নেন। নিউক্লিয়াস এর সদস্যরা বিশেষ করে সিরাজুল আলম খান সাংগঠনিক কোন পদে না থেকেও এই দুর্দিনে আওয়ামীলীগ কে চিরতরে ধ্বংস হবার হাত থেকে রক্ষা করেন।

কাজী আরেফ আহমেদের তত্ত্বাবধানে ইকবাল হলের (বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল) ১১৬ নম্বর কক্ষে আসম আব্দুর রব এবং শাজাহান সিরাজ স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন করেন। অনুমোদনের জন্য সিরাজুল আলম খানের কাছে গেলে তিনি লাল বৃত্তের মাঝখানে বাংলাদেশের (ততকালীন পূর্ব পাকিস্তান) মানচিত্র একে দিতে বলেন। নিউ মার্কেট থেকে সংগ্রহ করা কাপড় দিয়ে বলাকা বিল্ডিংয়ে ছাত্রলীগের অফিসের পাশে এক অবাঙালী দর্জির দোকান থেকে সাই করে আনা হয়। বুয়েট থেকে ট্রেসিং পেপারে মানচিত্র একে আনা হয়। শিবনারায়ণ দাশ মানচিত্রটি একে দেন। এই পতাকাই পরবর্তীতে ২ রা মার্চ ১৯৭১, আসম আব্দুর রব উত্তোলন করেন। ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শাজাহান সিরাজ। ২৩ মার্চ আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করা হয়। শেখ মুজিবের গাড়িতে সেদিন স্বাধীন বাংলাদেশের পতাকা লাগিয়ে দেয়া হয়।

একথা সত্য যে স্বাধীনতার প্রশ্নে আপসহীন এই র‍্যাডিক্যাল গ্রুপটি আওয়ামী লীগের (তৎকালীন) অঙ্গ সংগঠন ছাত্রলীগের-ই অংশ। স্বাধীনতার পর সিরাজুল আলম খান আওয়ামী লীগ করেননি। আ স ম আব্দুর রব বা শাজাহান সিরাজও ছিলেন না আওয়ামী লীগে। জয় বাংলা শ্লোগানের আবির্ভাব হয়েছিল যেই আফতাব উদ্দিনের কণ্ঠে, তিনিও না। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা তো মুক্তিযুদ্ধ চলাকালে এইসব ছাত্রনেতাদের উপর বিরক্ত ছিলেন এজন্য যে এদের হঠকারিতার কারণে তাদের বিদেশের মাটিতে কষ্টে জীবন যাপন করতে হচ্ছে। সোনার দোকানে গেলে আমরা দেখি কাচের কেবিনেটে গহনাগুলো সাজানো। গহনা রাখা অবস্থায় কতই না মূল্য ওই কেবিনেটের! আচ্ছা, সোনাগুলো সরিয়ে অন্য কোথাও রাখলে ওই কাচের কেবিনেটের মূল্য কত?

সাকিব আনোয়ার
আহ্বায়ক, নাগরিক ছাত্র ঐক্য

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.