আয়ারল্যান্ডকে হেসেখেলেই জয় পেল বাংলাদেশ। ২৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় টাইগাররা। মাশরাফিদের এটা হ্যাটট্রিক জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচে টানা পরাজিত করে টাইগাররা।
জয়ের ম্যাচে সর্বোচ্চ ৭৬ রান করেন লিটন দাস। এছাড়া ৫৭ ও ৫০ রান করেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তার আগে বোলিংয়ে ৫ উইকেট শিকার করেন আবু জায়েদ রাহী।
আইরিশদের বিপক্ষে টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। উদ্বোধনীতে ১১৭ রান করেন তারা। শতরানের জুটি গড়ার পথে দুজনেই ফিফটি করেন।
ওয়ানডে ক্যারিয়ারের ৪৬তম ফিফটি করে সাজঘরে ফেরেন তামিম। তার আগে ৫৩ বলে ৯টি চারের সাহায্যে ৫৭ রান করেন বাংলাদেশ সেরা এই ওপেনার। ওয়ানডে ক্রিকেটে ৪৬টি ফিফটি ছাড়াও দেশের হয়ে সর্বোচ্চ ১১টি সেঞ্চুরি রয়েছে তামিমের।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২৯২/৮ (স্টার্লিং ১৩০, পোটরফিল্ড ৯৪; রাহী ৫/৫৮, সাইফউদ্দিন ২/৪৩)।
বাংলাদেশ: ৪৩ ওভারে ২৯৪/৪ (লিটন ৭৬, তামিম ৫৭, সাকিব ৫০, মাহমুদউল্লাহ ৩৫*, মুশফিক ৩৫, মোসাদ্দেক ১৪, সাব্বির ৭*)।
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
আগামী শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
শুদ্ধস্বর/এন.হাসান

