প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, দুই সপ্তাহ পর দেশে ফিরবেন কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সকালে ফোনে কথা বলেছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী দুই সপ্তাহ পর দেশে ফিরবেন তিনি। চিকিৎসকরা তাকে পর্যাপ্ত বিশ্রামের পরই দেশে ফেরার পরামর্শ দেবেন। কোনো বিপত্তি না ঘটলে দুই সপ্তাহ পরই ওবায়দুল কাদের দেশে ফিরে সক্রিয় হয়ে উঠবেন রাজনীতির মাঠে।

প্রায় দুই মাস ধরে চিকিৎসাধীন ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। নিজের বর্তমান শারীরিক অবস্থার বিষয়টিও ওবায়দুল কাদের এ সময় প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, আজ বাংলাদেশ সময় সকাল প্রায় ৯টার দিকে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের মধ্যে বেশকিছু সময় আলাপ হয়। সূত্র জানায়, এ সময় ওবায়দুল কাদের দুই সপ্তাহ পর দেশে ফেরার আশাবাদ প্রকাশ করেন। ওবায়দুল কা‌দের অসুস্থ হওয়ার পর আজই প্রথম কা‌রো স‌ঙ্গে মোবাইলফো‌নে কথা বল‌লেন। আর তা বল‌লেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স‌ঙ্গে।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদের গত ৫ এপ্রিল ছাড়পত্র পান। তবে ওই হাসপাতালের কাছে একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে থাকছেন তিনি। কারণ তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হচ্ছে। ওবায়দুল কাদের ভাড়া বাসার পাশে ফাঁকা জায়গায় দীর্ঘক্ষণ হাঁটাচলা করছেন প্রায় প্রতিদিন। অবশ্য ওবায়দুল কাদের সুস্থ অবস্থায়ও প্রতিদিন ভোরে প্রাতঃভ্রমণ করতেন।

সিঙ্গাপুর থেকে ওবায়দুল কাদেরের সঙ্গে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিজ ফয়েজ আজ দুপুরে জানান, স্যার এখন হাঁটেন। কথা বলতে পারছেন আগে থেকেই। আগের চেয়ে বেশ সুস্থ। জানা গেছে, ওবায়দুল কাদেরের রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। শারীরিক অবস্থাও স্থিতিশীল।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা ও আনুষাঙ্গিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে গত ২০ মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। পরে আইসিইউ থেকে গত ২৬ মার্চ কেবিনে নেওয়া হয় তাকে। পরে ৫ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। বাইপাস সার্জারি করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডা. ফিলিপ কোহ এর নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের জ্যেষ্ঠ সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।

গত ৫ এপ্রিল দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পাবার পর আশা করা হয়েছিল ১৫ এপ্রিলের মধ্যে ওবায়দুল কাদের দেশে ফিরবেন। তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশ্রামের জন্য চিকিৎসকরা পরামর্শ দিলে তার দেশে ফেরা বিলম্বিত হচ্ছে।

অস্ত্রোপচারের ধকল কাটিয়ে ওবায়দুল কাদের এখন ফুরফুরে। হাঁটছেন, কথা বলছেন। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ কয়েকদিনের ব্যবধানে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সর্বশেষ গত রবিবার তথ্যমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.