জাহালমের মামলা স্থগিত চেয়ে দুদকের করা আবেদন খারিজ

বিনা বিচারে দীর্ঘ ৩ বছর কারাবন্দী থাকা জাহালমের ক্ষতিপূরণ এবং দোষীদের চিহ্নিত করার বিষয়ে রুল শুনানিসহ সব কার্যক্রম স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে জাহালমের মামলা হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানি হতে বাধা নেই।

হাইকোর্টের দেওয়া স্বতঃপ্রণোদিত রুলসহ এ-সংক্রান্ত আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন খারিজ করে দেওয়ায় এ মামলার কার্যক্রম চলবে।

সোমবার (১৩ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

প্রসসঙ্গত, জাহালমের কারাভোগ নিয়ে গত ২৮ জানুয়ারি হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দিয়েছিলেন। এরপর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এ সংক্রান্ত মামলার কার্যক্রম স্থগিত চেয়ে দুদক চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত স্বতঃপ্রণোদিত রুল সংক্রান্ত মামলার কার্যক্রম স্থগিত করে দুদকের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। তারই ধারাবাহিকতায় আজ আবেদনের ওপর শুনানি হয়।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অপর পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন আইনজীবী অমিত দাশগুপ্ত।

পরে অমিত দাশগুপ্ত বলেন, দুদকের আবেদন খারিজ হওয়ায় হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে, অর্থাৎ যে বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল দিয়েছিলেন, সেই বেঞ্চে মামলাটির কার্যক্রম চলবে। শুনানির দিন ধার্যের জন্য শিগগিরই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আবেদন জানানো হবে।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.