সবসময় আত্মবিশ্বাস নিয়ে খেলবে,খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী

ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে মিশনে বুধবার দেশ ছাড়ছে বাংলাদেশ দল। এর আগে মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ক্রিকেটাররা। এসময় বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলতে মাশরাফিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সবসময় আত্মবিশ্বাস নিয়ে খেলবে। আমরাই জিতব মনের মধ্যে এ বিশ্বাস রাখবে। যদি, কিন্তু, না-এরকম দোটানায় ভুগবে না। হেরে গেলে কী হবে- এ চিন্তা করা যাবে না। সবসময় মনে করবে, আমরাই জিতব। এরপর যা হয় হবে। খেলায় হার-জিত থাকবেই। তবু দেশের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েই খেলতে হবে।

এ সময় আয়ারল্যান্ড ও বিশ্বকাপগামী ক্রিকেটাররা ছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় দলের কোচিং স্টাফ ও বোর্ড কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বকাপের আগে আয়ার‍ল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী ১ মে দেশ ছেড়ে উড়াল দেবেন মাশরাফি-সাকিবরা। স্বাগতিকরা ছাড়া এ টুর্নামেন্টের অপর দল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। ৫-১৭ মে হবে তিনজাতি সিরিজটি।

এরপর টাইগাররা উড়াল দেবেন ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে। আগামী ৩০ মে মাঠে গড়াবে এবারের ক্রিকেটের সর্বোচ্চ আসর। বাংলাদেশ প্রথম মাঠে নামবে ২ জুন। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.