শপথ নেয়ার কোনো আবেদন করিনি: মির্জা ফখরুল

শপথ নেয়ার জন্য সময় চেয়ে সংসদে কোনো আবেদন করেননি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পত্রিকায় দেখলাম আমি নাকি শপথ নেয়ার জন্য সময় চেয়ে আবেদন করেছি। বিষয়টি সঠিক নয়। আমি কোনো আবেদন করিনি।

মির্জা ফখরুল আরও বলেন, সরকারের সঙ্গে কোনো আপস কিংবা সমঝোতার যে কথা বলা হচ্ছে, সেটির প্রশ্নই ওঠে না। সেটি যদি হতো, তবে কিছুদিন আগেও আমার নামে নতুন করে যে মামলা দেয়া হয়েছে সেটি নিশ্চয়ই হতো না। আমাদের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের নেতাদের বিনাবিচারে জেলে থাকতে হতো না।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।

সংসদে যোগ দেয়ার যুক্তি হিসেবে বিএনপি মহাসচিব বলেন, ন্যূনতম সুযোগ কাজে লাগাতেই সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সংসদে, সংসদের বাইরে- সব জায়গায় প্রতিবাদের সুযোগ কাজে লাগাতে আমাদের এ সিদ্ধান্ত।

দানবকে পরাজিত করতেই বিএনপির এ সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, আমরা সংসদে, সংসদের বাইরে সরকারের সব অন্যায়ের প্রতিবাদ জানাব। আপনারা দেখেছেন, গতকাল শপথ নিয়েই আমাদের একজন এমপি (হারুন-উর রশিদ) সংসদে গিয়ে কথা বলেছেন, গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন। গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

বিদেশিদের চাপে বিএনপি সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিনা, এমন প্রশ্নে দলটির মহাসচিব বলেন, না, বিদেশিদের কাছ থেকে আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা তাদের সঙ্গে চলমান রাজনীতি নিয়ে নিয়মিতই কথা বলছি। আমরা বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করছি। আঞ্চলিক রাজনীতি পর্যবেক্ষণ করছি। সব মিলিয়ে এই (সংসদে যাওয়ার) সিদ্ধান্ত।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.