নুসরাতের খুনিদের আশ্রয়দাতা ফেনীর আওয়ামী লীগ নেতাদের বিচার চাইলেন ১৪ দলের মুখপাত্র নাসিম

নুসরাতের খুনি অধ্যক্ষ সিরাজকে আশ্রয়দাতা ফেনীর তথাকথিত আওয়ামী লীগ নেতার বিচার চাইলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য
ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। আজ বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ের ‘১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ বিচার চান।

নাসিম বলেন, দেখলাম আওয়ামী লীগের একজন নেতা নুসরাতের খুনিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে।  এসব লোক হচ্ছে ক্রিমিনাল। এরা কখনো আওয়ামী লীগ করতে পারে না। জীবনে এরা কোনো দিন আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগে বিশ্বাসও করে না। এই সমস্ত লোককেও নুসরাতের খুনির সঙ্গে বিচার করতে হবে।  এদেরকে কোনো ছাড় দেয়া যাবে না। এরা আওয়ামী লীগকে দুর্নাম করে।

তিনি বলেন, কোনো ফাঁক-ফোকর না রেখে বিশেষ ট্রাইবুনালে নুসরাত হত্যার বিচার করতে হবে। এতে দেশের মানুষ খুশি হবে।  বাংলার জনগণ আমাদের সাধুবাদ দিবে।  সাম্প্রতিক সময়ে নুসরাতসহ সকল শিশু ও নারী হত্যার বিচার দ্রুত ট্রাইবুনালে করে, দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে।

দেশের জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে।

তিনি বলেন, ধর্মান্ধ রাজনীতিবীদরা নুসরাত হত্যার প্রতিবাদ না করে অসাম্প্রদায়িক অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করে। এদেরকে প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপির উদ্দেশ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন,  দয়া করে আপনারা সবকিছু নিয়ে রাজনীতি করবেন না। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, বঙ্গবন্ধুর হত্যা থেকে শুরু করে জাতীয় ৪ নেতা হত্যার বিচারসহ কোনো হত্যার বিচার করেননি। আমরাই একমাত্র দল ক্ষমতায় থেকে নিজের দলের কর্মীকেও খাতির করি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নুসরাত হত্যার বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।

মুজিব নগর দিবস প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, মুজিব নগর দিবসের তাৎপর্য তুলে ধরতে হবে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে। বাঙালির সঠিক ইতিহাসের আলোকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

সংগঠনের সহ-সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, স্বাধীন বাংলার বেতার শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী,  আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার,  বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

শুদ্ধস্বর/এন.এইচ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.