দয়া করে রোজার মাসে খাদ্যের দাম বাড়াবেন না

খাদ্যের দাম না বাড়ানোর এবং ভেজাল না মেশানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো. নাসিম। বলেন, দয়া করে রোজার মাসে খাদ্যের দাম বাড়াবেন না। এ বছর সংযম থাকবেন। মানুষকে রোজায় শান্তিতে থাকতে দেন। আজ সংসদ সচিবালয়ে কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা খাদ্যের দাম বাড়ায় তারা হত্যাকারীর চেয়েও ভয়ঙ্কর। ফেনীর ছাত্রী হত্যাচেষ্টাকারীর চেয়েও ভয়ঙ্কর। খাদ্যে ভেজাল দেয়া একটি মরণঘাতি ব্যবস্থা বলেও মন্তব্য করেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী।

নাসিম বলেন, যারা এটা করছেন, তারা ক্ষমাহীন অপরাধ করছেন। রোজায় ভারতের মতো দেশেও খাদ্যে ভেজালের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন অভিযান চলে। আমাদের দেশেও অভিযান জোরদার করা হবে। তিনি বলেন, এটা যারা করছেন, তারা নিজেকে ও তার সন্তানকে হত্যার দিকে নিয়ে যান।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, পুষ্টি সমৃদ্ধ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা এ ব্যাপারে জিরো টলারেন্সে আছি।

শুদ্ধস্বর/এন.এইচ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.