জনরোষের মুখে টিকতে পারলেন না সুদানে সামরিক অভ্যুত্থানের নেতা আওয়াদ ইবনে আউফ। ৩০ বছর দেশটিতে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বশিরকে বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত করে দায়িত্ব নেয়ার মাত্র একদিন পরে তাকেও পদত্যাগ করতে হয়েছে। তিনিই হয়েছিলেন দেশের সামরিক কাউন্সিলের প্রধান। কিন্তু উত্তেজিত জনতা তাকে প্রেসিডেন্ট বশিরের খুব ঘনিষ্ঠ আখ্যা দিয়ে তীব্র আন্দোলন অব্যাহত রাখে। তারই প্রেক্ষিতে তিনি শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন। তিনি একই সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রীও। ওই ঘোষণায় তিনি দেশের পরবর্তী উত্তরসূরি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আবদেল রহমান বুরহানের নাম ঘোষণা করেন। নতুন ক্ষমতায় আসা এই ব্যক্তিও একজন শীর্ষ সামরিক ব্যক্তিত্ব।

