উত্যক্তের প্রতিবাদে মসজিদের ইমামের উপর ৩ নারীর হামলা

উত্যক্ত করায় চাঁদপুরের ফরিদগঞ্জে নামাজ পড়া অবস্থায় মসজিদে ইমামের উপর ৩ নারী হামলা করেছে।

বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ১৬নং রূপসা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার মসজিদের ইমাম সায়েদ আহাম্মদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, সকালে ফজরের নামাজ শেষে সালাম ফেরার সঙ্গে সঙ্গে ৩ জন নারী বোরকা পরে মসজিদের ভিতরে প্রবেশ করে ইমামের উপর মরিচের গুড়া ও লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে।  এ সময় মুসল্লিরা ওই ৩ নারীকে ধরে মসজিদে আটকে রাখে।

মসজিদের ইমামকে স্থানীয় লোকজন পার্শ্ববর্তী উপজেলার রায়পুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

হামলাকারীদের বিচারে দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয় লোকজন।

পরিস্থিতির অবনতি দেখে পরে মসজিদ কমিটির সভাপতির ছোট ভাই নুরুল আমিনের মেয়ে বলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নুরুল আমিন বলেন, মসজিদের ইমাম বহুদিন ধরে এলাকার কিছু বখাটে ছেলেদের নিয়ে আমার মেয়েকে উত্যক্ত করে আসছে। এ নিয়ে আমি মসজিদ কমিটির সভাপতির কাছে নালিশ করেছিলাম। কিন্তু কোনও ফল পাইনি।
হামলার বিষয়ে স্বীকার করে তিনি বলেন, আমাদেরকে ইমাম বিভিন্নভাবে হয়রানি করেছে, এটার বিচার তো কেউ করলো না।   তারা আমার মেয়েকে ধরে মারধর করেছে। আমরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

স্থানীয় লোকজন বলেন, আমাদের  গ্রামের নুরুল আমিনের মেয়েরা মসজিদের হুজুরের উপর হামলা করেছে। কিসের লোভে তাদেরকে ছেড়ে দিয়েছে জানি না। তাদেরকে পুলিশে দেওয়া উচিত ছিল। কারণ তারা জঙ্গিদের মতো মসজিদের ইমামের উপর হামলা করেছে। তাদের সঠিক বিচার না হলে সমাজে অপরাধ আরও বেড়ে যাবে।

মসজিদের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ইমাম সাহেব নুরুল আমিনের মেয়েকে বহুদিন ধরে উত্যক্ত করে আসছে। নুরুল আমিন আমার কাছে বলেছে। আমি ইমামকে বলেছি আপনি এখান থেকে চলে যান। সে চলে গেছে এবং কিছু দিন পর মসজিদের কিছু লোক তাকে আবার নিয়ে আসে। এ নিয়ে আমি মসজিদের ইমামের পিছনে দু’ মাস ধরে নামাজ পড়ি না। কিছু লোক তাকে সমর্থন দিয়ে এই কাজ করাচ্ছে।

হামলার বিষয়ে তিনি স্বীকার করে বলেন, আমি পরীক্ষার কাজে বাইরে আছি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব বলেন, এ ঘটনায় থানায় কোনও পক্ষ থেকেই অভিযোগ আসেনি। তবে খবর নিয়ে আমরা জেনেছি, নারীদের মধ্যে রিনি (২৫) নামের একজনের ছোট ভাইকে ইমাম পড়াতো। এরমধ্যে তাকে উত্ত্যক্ত করতো। এই নিয়ে স্থানীয়রা শালিশ বৈঠকে বসার কথা ছিল। বর্তমানে আহত রিনি চিকিৎসাধীন রয়েছেন।

শুদ্ধস্বর/এন.এইচ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.