জয় বাংলা বাংলার জয়, যে ছিলো দৃষ্টির সীমানায়, আমি তো আমার গল্প বলেছি তুমি কেন কাঁদলে- এমন অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাহনাজ রহমত উল্লাহ খ্যাতি পেতে শুরু করেছিলেন ষাটের দশকে শিশু বয়সেই।
মেধা, পরিশ্রম, আর কণ্ঠ দিয়ে তুমুল জনপ্রিয়তা পেলেও যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার অভিমানেই শেষ দিকে এসে গানের জগত থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নেন শাহনাজ রহমত উল্লাহ।
বিবিসি বাংলার সঙ্গে এমন অভিমতই ব্যক্ত করেন সঙ্গীত জগতের তিন গুণী ব্যক্তিত্ব গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, ষাটের দশকের টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ ও বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ।
জনপ্রিয় চলচ্চিত্র নায়ক ও বরেণ্য সুরকার আনোয়ার পারভেজের বোন আর মুক্তিযুদ্ধে শহীদ আলতাফ মাহমুদের পরিবারের ঘনিষ্ঠ হবার সুবাদে শিশু বয়সেই গানের জগতে জায়গা করে নেন শিল্পী শাহনাজ রহমত উল্লাহ। যার ডাক নাম শাহীন। যিনি গান শুরু করেছিলেন মায়ের অনুপ্রেরণায়।
তাঁর পরিবারের ঘনিষ্ঠ দেশের আরেক বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার বলছেন, ষাটের দশকেই চলচ্চিত্র, টেলিভিশন এবং গ্রামোফোন রেকর্ডেও সমানভাবে জায়গা করে নিয়েছিলেন কিছুটা ব্যতিক্রমী কণ্ঠের শাহনাজ রহমত উল্লাহ।
১৯৫৩ সালে জন্মগ্রহণ করা এ শিল্পী দশ বছর বয়স থেকেই গান শুরু করেন। খেলাঘর থেকে শুরু করা এ শিল্পীর কণ্ঠ শুরু থেকেই ছিল বেশ পরিণত। গজল সম্রাট মেহদী হাসানের শিষ্য হয়েছিলেন তিনি।

