প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবে আপত্তি জানালেন ভিপি নুর

নতুন নির্বাহী কমিটির প্রথম সভাতেই মতবিরোধ দেখা দিয়েছে ডাকসু নেতাদের মধ্যে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবের প্রেক্ষিতে এই মতবিরোধ দেখা দেয়। আজ সভায় ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিম অর্ণি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংগঠনটির আজীবন সদস্য করার প্রস্তাব করেন। কিন্তু এই প্রস্তাবে আপত্তি জানান ভিপি নুরুল হক নুর ও  সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। তবে এই দু’জন ছাড়া বাকি সদস্যরা প্রস্তাবে সমর্থন দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নবনির্বাচিত কার্যকরী পর্ষদের প্রথম সভা আজ বেলা ১১টায় ডাকসু ভবনে শুরু হয়। সভায় ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানীসহ নির্বাচিত ২৫ জন ছাত্র প্রতিনিধি তাদের দায়িত্ব গ্রহণ করেন। পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান।

সভা শেষে সাংবাদিকদের ভিপি নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তি। এই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যে ডাকসু, সেখানে তার মতো সম্মানিত ব্যক্তিকে সদস্য করা ঠিক হবে না।

তার কথার সঙ্গে একমত প্রকাশ করেন সমাজসেবা সম্পাদকও। এ বিষয়ে জিএস গোলাম রাব্বানী বলেন, যেখানে অধিকাংশ সদস্য মত দিয়েছেন সেখানে একজনের আপত্তি গ্রহণযোগ্য নয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, যে প্রস্তাব উঠেছে তা আমরা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবনের সদস্য করার বিষয়টি আগামী সভায় চূড়ান্ত করা হবে। সভা শেষে ভিসি, ভিপি ও জিএস সাংবাদিকদের এসব কথা বলেন।

বর্তমানে ডাকসুর একমাত্র আজীবন সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের এই প্রস্তাব পাস হলে শেখ হাসিনা হবেন আজীবন সদস্য হওয়া দ্বিতীয় ব্যক্তি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.