জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ এবং সুলতান মনসুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ঐক্যফ্রন্ট

ডাকসুতে ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভোট ডাকাতির পুনরাবৃত্তি হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার বিকালে ড. কামাল হোসেনের নেতৃত্বে স্টিয়ারিং কমিটির বৈঠকের পর জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করে তার নিন্দা জানান।

তিনি বলেন, ২৮ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) যে ভোট হল তা নিয়ে ছাত্র সমাজ এমনকি রাজনৈতিক মহলে আগ্রহ সৃষ্টি হয়। অনেকের ধারণা ছিল যে, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। কিন্তু দুর্ভাগ্য যে, ৩০ ডিসেম্বরের পুনরাবৃত্তি দেখল জাতি। মতিঝিলে চেম্বারে ড. কামালের সভাপতিত্বে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জেএসডির আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, হাবিবুর রহমান তালুকদার, ইকবাল সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, নাগরিক ঐক্যের শহিদুল্লাহ কায়সার, জাহেদ-উর রহমান, গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় সুলতান মনসুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়ে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সমাবেশের সিদ্ধান্ত হয়েছে। এ মাস শেষে কুমিল্লা বা ময়মনসিংহে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।

ফখরুল বলেন, সরকারি দলের ছাত্র সংগঠনের ভোট ডাকাতি, গুণ্ডামি, সন্ত্রাস ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আচরণের প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। জাতীয় ঐক্যফ্রন্ট এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ছাত্রছাত্রীদের ন্যায্য দাবির প্রতি আমরা সমর্থন জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, রোববার উপজেলা পরিষদের প্রথম পর্যায়ের ভোট হয়েছে। সেই নির্বাচনেও সাধারণ মানুষ অংশগ্রহণ করেনি। আমরা মনে করছি, ৩০ ডিসেম্বরের নজিরবিহীন ভোট ডাকাতির নীরব প্রতিবাদ জানিয়ে উপজেলা নির্বাচন থেকে তারা বিরত থেকেছে। প্রকৃতপক্ষে দেশের গোটা নির্বাচনী ব্যবস্থাই ভেঙে গেছে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তাকে বিশেষায়িত হাসপাতালে দ্রুত সুচিকিৎসার দাবিও জানানো হয়েছে।

এছাড়া সারা দেশের মিথ্যা-গায়েবি মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি ও মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিও স্টিয়ারিং কমিটির এই বৈঠক থেকে করা হয়েছে বলে জানান ফ্রন্টের মুখপাত্র।

ড. কামাল প্রারম্ভিক বক্তব্যে ঐক্যফ্রন্টের ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও আইনের শাসন রক্ষায় আমাদের ঐকমত্য হয়েছে। আমরা আশা করতে পারি যে, ঐক্যের পক্ষে সবাই ঐকমত্য। সবাই বলেছেন ঐক্যকে সুসংহত করার বিকল্প নেই।

সুলতান মনসুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত পড়ে শোনান বিএনপি মহাসচিব ফখরুল। তিনি বলেন, আমাদের ফ্রন্ট ও গণফোরামের একজন প্রার্থী সুলতান মনসুর সংসদে শপথ নিয়েছেন ফ্রন্ট ও গণফোরামের সিদ্ধান্তের বাইরে গিয়ে। আমরা বলছি এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করছে না।

সেই তথাকথিত সংসদে সদস্য হিসেবে শপথ নিয়ে তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। আমরা মনে করছি যে, তাকে সংসদ সদস্যের যে পদ দেয়া হয়েছে সেটা অবৈধ, এটা বেআইনি। তিনি সংসদ সদস্য হিসেবে যোগ্য নন। এ বিষয়ে আমরা যথাযখ আইনি ব্যবস্থা গ্রহণ করব। গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারের উদ্যোগের প্রতিবাদ জানিয়ে এই পথ থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানান মির্জা ফখরুল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.