খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনা করা হচ্ছে ঃ মীর্জা ফখরুল ইসলাম আলমগীর

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা গুরুতর উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি এতটাই অসুস্থ যে মাথা সোজা করতে পারছেন না, পা বাঁকা করতে পারছেন না। এমতাবস্থায় চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী কারাগারে এখন এতটাই অসুস্থ যে, তিনি তার কক্ষেও হাঁটতে পারছেন না, অন্যের সাহায্য নিতে হচ্ছে। এমতাবস্থায় তার কিছু হলে এর দায়ভার সরকারের পাশাপাশি কারা কর্তৃপক্ষকেও গ্রহণ করতে হবে।

খালেদা জিয়ার অবস্থার বর্ণনা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন মাথা সোজা করতে পারছেন না, বসতে পারছেন না। তারপরও দেশের সবচেয়ে জনপ্রিয় এ নেত্রীকে কোনো রকমের সুচিকিৎসা দেয়া হচ্ছে না। তাকে সুপরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।

খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য হাইকোর্টের নির্দেশও মানা হচ্ছে না বলে অভিযোগ করে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, গত সাড়ে তিন মাসে খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি। তার সুচিকিৎসার জন্য হাইকোর্টের নির্দেশও মানা হচ্ছে না।

অবিলম্বে খালেদা জিয়াকে তার পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসার জোর দাবি জানান বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ডা. জেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, আবদুল কুদ্দুস, সিরাজুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.