বনানীর আরএফ টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পঞ্চাশ জনের মতো লোককে উদ্ধার করা হয়েছে, সবাই কমবেশি আহত।
আমাদের প্রতিনিধি কুর্মিটোলা হাসপাতাল থেকে জানিয়েছেন, সেখানে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ৩০ জনের মতো আহত ব্যক্তিকে নেয়া হয়েছে। তাদের দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেয়া শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কুর্মিটোলা হাসপাতালে একজনের লাশ নেয়া হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম নিরস, তিনি শ্রীলঙ্কান নাগরিক। বয়স আনুমানিক ৩৫ বছর। অগ্নিকাণ্ডের পর তিনি ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন এবং হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বেলায়েত হোসেন বলেন, ‘আমাদের হাসপাতালে একজনের লাশ আনা হয়েছে। আহত আরও ৩২ জন এই হাসপাতালে ভর্তি আছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। তবে ভর্তিকৃতদের অবস্থা গুরুতর নয়।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ম তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।

