গুলশানের বাসভবন ‘ফিরোজা’কে সাবজেল ঘোষণা দিয়ে সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি হিসেবে রাখার সুযোগ আছে কিনা, এনিয়ে দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে। বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী। সেই বিবেচনায় জামিন না হওয়া পর্যন্ত তার গুলশানের বাসভবনটিকেই সাবজেল ঘোষণা করে তাকে সেখানে রাখতে পারে সরকার। এক্ষেত্রে আইনি কোনও বাধা নেই।
জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবজেল করার বিষয়টি আইনত দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আমি বলতে পারি, আমরা এ ধরনের কোনও চিন্তা এখন করছি না। এরকম চিন্তাভাবনা করার কোনও সিদ্ধান্ত আমাদের হয়নি।’
পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এ বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলেও ব্যস্ততার কারণে কথা বলেননি তিনি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইন সবার জন্য সমান। খালেদা জিয়াও আইনের বাইরে নয়। সুতরাং আইন অনুযায়ী সব ব্যবস্থা হবে।’
২০০৭ সালে ডিআইজি (প্রিজন্স) হিসেবে দায়িত্বে ছিলেন শামসুল হায়দার সিদ্দিকী। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমার জানা মতে, সরকার চাইলে প্রজ্ঞাপন জারির মাধ্যমে যেকোনও জায়গায় সাবজেল করতে পারে। খালেদা জিয়ার বাসভবনকে যদি সাবজেল করা হয়, সেক্ষেত্রে সেই বাড়িটিতে এখন যারা আছেন, তাদের কী হবে। তাদের কিন্তু আর সেখানে থাকার সুযোগ নেই। এ কারণে প্রজ্ঞাপন করার আগে বাড়িতে কারা থাকছেন, সেই বিষয়টিও বিবেচনায় নিতে হবে।’ সূত্র জাগো নিউজ ।

