শ্রীজাতর উপর আক্রমণকারীরা হিন্দু নামে কলঙ্ক: সুবোধ

srijato-2

অরুণাভ রাহারায়, কলকাতা: দিন দুয়েক আগেই অসমের শিলচরে একটি কবিতা সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হিন্দুত্ববাদী সংগঠনের হাতে আক্রান্ত হন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। কবির আক্রান্ত হওয়ার খরব পেয়ে তাঁকে ফোন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর পর থেকেই নিন্দায় সরব হন বিশিষ্টজনেরা। শ্রীজাতর পাশে দাঁড়িয়ে শিলচরের ওই হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকান্ডকে ধিক্কার জানান শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামী, কৌশিক সেন, তিলোত্তমা মজুমদার প্রমুখ। শ্রীজাতর পক্ষে আয়োজিত হয় প্রতিবাদ সভা। সোমবার আকাদেমি অফ ফাইন আর্টসের সামনে জড় হন কবিতাপ্রেমী বহু মানুষ। কবিতা ও গানের মধ্যে দিয়ে প্রতিবাদ জানান তাঁরা।

সুবোধ সরকার বলেন, “শিলচরে যাঁরা শ্রীজাতকে আক্রমণ করলেন তাঁরা ফ্যাসিস্ট গোরক্ষক। তাঁরা হিন্দু নন তাঁরা হিন্দুদের কলঙ্ক। যে কলঙ্ক গত চার বছর ধরে সনাতন ভারতবর্ষকে অপমান করে চলেছে। যাঁরা রামনবমীতে কিশোরীর হাতে ভোজালি তুলে দেয়, তাঁরাই তো ব্যাঙ্গালোরে কবিকন্যা সাংবাদিক গৌরীকে গুলি করে চলে যায়, তাঁরাই তো তামিল লেখক পেরুমলের হাত থেকে কলম কেড়ে নেয়।”

উপস্থিত ছিলেন পবিত্র সরকার, উর্মিমালা বসু, প্রণতি ঠাকুর, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, শিবাশিস মুখোপাধ্যায়, অংশুমান কর-সহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত হয়েছিলেন তরুণ কবিরা। প্রতিবাদ সভার অন্যতম উদ্যোক্তা অরুণ কবি সৌরভ চন্দ্র জানিয়েছেন, “শিলচরে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে আক্রান্ত হয়েছেন আমাদের প্রিয় কবি শ্রীজাত। এই অপমান আমাদের সকলের। এরই প্রতিবাদে আমরা জমায়েত হয়েছি।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.