ফেসবুকে উস্কানি দেয়ার অভিযোগে চট্টগ্রামের বি এন পি নেত্রী মাহামুদা আক্তার লিটা গ্রেফতার

চট্টগ্রাম মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল সোমবার রাতে বাসে করে ঢাকায় যাওয়ার পথে ফেনীর লালপুর এলাকায় বাস থামিয়ে লিটাকে গ্রেফতার করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

তবে র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় থেকে রাত পৌনে ১১টার দিকে লিটাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব কর্মকর্তার দাবি, বিএনপি নেত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগ রয়েছে।

র‍্যাব কর্মকর্তা মাশকুর রহমান আরও জানান, ওই নেত্রী বিভিন্ন সময় ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচার, আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়ে আসছিলেন।

এদিকে লিটাকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগর শাখার প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে ফেনীর লালপুর এলাকা থেকে গতকাল র‍্যাব-৭-এর সদস্যরা তুলে নিয়ে গেছেন। এখন পর্যন্ত তাকে কোথায় রাখা হয়েছে কিংবা তাকে আটকের কথা স্বীকার করা হচ্ছে না।

আমি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.